নয়াদিল্লি: রেকর্ড গড়ে প্যারিস ওলিম্পিকসের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জেতেন পাকিস্তানের আর্শাদ নাদিম। রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হয় নীরজ চোপড়াকে। পোডিয়ামে হাসিমুখে পড়শি দেশের নাদিমকে অভিনন্দন জানান ভারতীয় মহাতারকা। উপমহাদেশের দুই ক্রীড়াবিদের গলায় ওলিম্পিকস মেডেল। চিরকালীন রেষারেষি ছাপিয়ে এক ফ্রেমে দুই নায়ক। পানিপথের গ্রামে উৎসবের ফাঁকে নীরজের মা সরোজ দেবীও বলে ওঠেন-‘নাদিম আমার ছেলের মতো।’ ওয়াঘার ওপাড়ে নাদিমের মায়ের গলাতেও আবেগের বিস্ফোরণ। অথচ কত দ্রুত পাল্টে যায় পরিস্থিতি। ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থিতিতে নাদিমের সঙ্গে দূরত্ব বাড়ালেন নীরজ চোপড়া। দোহায় ডায়মন্ড লিগের আগে তাঁর মন্তব্য, ‘নাদিম স্রেফ পরিচিত। এর বাইরে কিছুই নয়। আসলে জ্যাভেলিন থ্রোয়ারদের বৃত্ত খুব একটা বড় নয়। সবাই পরিচিত। নাদিমের সঙ্গেও বাড়তি ঘনিষ্ঠতা নেই।’ উল্লেখ্য, নীরজ চোপড়ার নামাঙ্কিত টুর্নামেন্টে অংশ নিতে নাদিমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় পরিস্থতি সম্পূর্ণ বদলে যায়। এরপর ভারতের প্রত্যাঘাত -‘অপারেশন সিন্দুর।’ সীমান্তে উত্তেজনা চরমে। এমন সময়ে বন্ধুত্বের সম্পর্ক খুঁজতে যাওয়া মানেই বিতর্কে জড়ানো। অনেকেরই ধারণা, বুঝেশুনেই এমন মন্তব্য করেছেন টেরিটোরিয়াল আর্মির কর্নেল নীরজ চোপড়া।



