গ্রেটার নয়ডা, ২৯ অক্টোবর: ফের ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এল। ফের অভিযোগের তীর পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের বিরুদ্ধে। এর আগে ২০১৮ সালে এই রাষ্ট্রায়াত্ত ব্যাংক থেকে ১৪ হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনা সামনে এসেছিল। ব্যাংক কর্তাদের সঙ্গে নীরব মোদি, মেহুল চোকসিদের যোগসাজশে সেই জালিয়াতির ঘটনা ঘটেছিল বলে তদন্তে উঠে আসে । এবার ফের পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক নয়ডা শাখার বিরুদ্ধে উঠে এল ৩৫ কোটি টাকার জালিয়াতির অভিযোগ। যেখানে বহু গ্রাহকের জমানো টাকা গায়েব হয়ে গেছে অভিযোগ। কারোর ফিক্সড ডিপোজিট আবার কারোর সেভিংস অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা। সবটাই হয়েছে গ্রাহকদের অজাম্তে। তাদের অভিযোগ, আকাউন্ট থেকে কোনো টাকা তোলার অনুমোদন তারা দেননি। অ্যাকাউন্টে থাকা টাকা অস্বাভাবিক হারে কমে গেছে অথচ গ্রাহকদের কাছে তার কোন নোটিফিকেশনও যায়নি।
আজ সকাল থেকেই ব্যাংকের গ্রাহকরা এসে ভিড় জমাতে থাকেন শাখায়। ব্যাংকের বাইরে শুরু হয় বিক্ষোভ। টাকা কিভাবে একের পর এক অ্যাকাউন্ট থেকে গায়েব হল তার সদুত্তর দিতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। প্রতারিত গ্রাহকদের অভিযোগ তারা ব্যাংকের তরফ থেকে কোনও রকম সহযোগিতা পাচ্ছেন না। ফলে সারা জীবনের জমা পুঁজি হারানোর আশঙ্কায় আতঙ্কিত গ্রাহকরা। এখনো পর্যন্ত মোট ১৬ জন গ্রাহক থানায় অভিযোগ দায়ের করেছেন। গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ওই শাখার ম্যানেজার সহ ৫ জনকে সাসপেন্ড করা হয়েছে।



