বিষ খেয়ে আত্মহত্যা প্যারা অ্যাথলিট নীরজ যাদবের
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ডোপিংয়ের কারণে নির্বাসিত হওয়ায় জাপানে সদ্যসমাপ্ত প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি।  এক মহিলার সঙ্গে বন্ধুত্বে দাঁড়ি পড়ার ধাক্কাও সহ্য করা কঠিন হয়ে ওঠে। শেষ পর্যন্ত আত্মহত্যার পথই বেছে নিলেন প্যারা এশিয়ান গেমসে তিনবারের সোনাজয়ী আথলিট নীরজ যাদব। মঙ্গলবার রাতে নিজের ফ্ল্যাটে বিষ খান তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় এই প্যারা অ্যাথলিটকে। ময়নাতদন্ত হয়েছে।

Advertisement

ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সের প্রধান কোচ এস সত্যনারায়ণ সংবাদসংস্থাকে বলেছেন, ‘নীরজ যাদব আত্মহত্যা করেছে। এমন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ডোপিংয়ে নির্বাসিত হওয়ার পরও ওর সঙ্গে যোগাযোগ ছিল আমার। সেই সময় ও প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিল। চার বছরের নির্বাসন সত্ত্বেও কয়েক মাস আগে জানতে চায় যে, এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে পারবে কিনা। জানাই, তা সম্ভব নয়। তবে আত্মহত্যার কারণ নিয়ে জল্পনা বাড়াতে চাই না। অনেক কারণেই সমস্যায় ছিল। তারমধ্যে ব্যক্তিগত ব্যাপারও রয়েছে।’ স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না নীরজের। তাঁদের তিন বছরের কন্যা রয়েছে।  এদিকে, অন্য এক মহিলার সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সেই মহিলা নীরজকে বলেন, এই বন্ধুত্ব বজায় রাখা আর সম্ভব না-ও হতে পারে। এরপরই সম্ভবত চরম সিদ্ধান্ত বেছে নেন প্যারা অ্যাথলিট।