ওয়েলিংটন: শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে তিন নম্বরে নেমে ৮ বলে এসেছিল মাত্র ৪ রান। মঙ্গলবার ওয়েলিংটনে বৈভব সূর্যবংশী ফেরে পছন্দের ওপেনিংয়ে। আর তাতেই বাজিমাত। অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে ঝড়ের গতিতে ওঠে ১৩৩। সেটাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ের ভিত গড়ে দেয়। ব্যাটিং অর্ডারে বৈভবের এই প্রমোশনের নেপথ্যে রয়েছেন সঞ্জু সামসন। তিনিই নিজের জায়গা ছেড়ে দেন বৈভবকে। সঞ্জুর এই ‘আত্মত্যাগ’ প্রশংসা পাচ্ছে টিম ইন্ডিয়ার অন্দরেও।
বিসিসিআই টিভিতে এক সাক্ষাৎকারে বৈভবকে অভিষেক বলেন, ‘সঞ্জু যে ছন্দে ছিল তাতে কারও পক্ষে নিজের পরিচিত ব্যাটিং স্লট ছেড়ে দেওয়া সহজ নয়। এই সিদ্ধান্তেই স্পষ্ট সঞ্জুর মানসিকতা কতটা উদার। আমাদের দলে অবশ্য প্রত্যেকেই এরকম খোলা মনের। অন্যের সাফল্য উপভোগ করে সকলে। এটাই গ্রেট দলের লক্ষণ।’
৩৮ বলে বিধ্বংসী ১১৩ করেন অভিষেক। তাঁর ইনিংসে রয়েছে ১১টি ছক্কা। রান তাড়ার প্রথম বলে বৈভবের মারা বাউন্ডারিই তাঁকে উদ্দীপ্ত করেছে বলে জানান বাঁ-হাতি ওপেনার। অভিষেকের কথায়, ‘বৈভব যখন পয়লা বলেই তুলে চার মারল, ওর আগ্রাসন ছুঁয়ে গেল আমাকেও। নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে এমন একটা শট দেখলে যে কেউ উদ্দীপ্ত হবে। তাই আমার ইনিংসের জন্য কৃতিত্ব প্রাপ্য বৈভবেরও। দুর্দান্ত খেলেছে ও।’ এরপর মজার সুরে অভিষেক জানান বৈভবের ব্যাটিং প্রেমের কথা। বলে, ‘অনুশীলনে আমাদের দুটো নেট থাকলে একটা বৈভবের জন্য ছেড়ে দেওয়া হয়। কারণ, ওকে নেট থেকে বের করা যায় না।’
অভিষেকর সেঞ্চুরির প্রশংসয়ে উচ্ছ্বসিত বৈভবও। সে বলেছে, ‘অভিষেক ভাই যেভাবে ব্যাট করেছে, তাতে বিপক্ষ অনেক আগেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। সরাসরি সম্প্রচার না হলে আমার গ্রামের লোক এই স্কোরবোর্ড বিশ্বাসই করত না। উলটে আমরা নিশ্চয় ছাদে খেলেছি, এমন মন্তব্যই করত।’ ভারতীয় দলের ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের কাছেও অবিশ্বাস্য লেগেছে দুই ওপেনারের ব্যাটিং। ৫ ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ এগিয়ে যাওয়ার পর তিনি বলেন, ‘সত্যি বলতে এমন ঝোড়ো ব্যাটিং আমি দেখিনি। আন্তর্জাতিক আসরে ৫ ওভারে ১০০ রান অবিশ্বাস্য ছাড়া আর কী?’ টি-২০ সিরিজ জিতলেও ভারতীয় দলকে সতর্ক করে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। সমাজমাধ্যমে ক্রিকেটারদের একটা ছবি দিয়ে তিনি লেখেন ‘স্টে হাম্বল’। অর্থাৎ, বিনয়ী থাকার পরামর্শ দিয়েছেন গম্ভীর।
এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। এখনও হ্যামস্ট্রিংয়ের চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি তিনি। পরিবর্ত হিসাবে ওডিআই সিরিজের দলে আসতে পারেন আকিব নবি। এখন ভারত ‘এ’ দলের হয়ে কিউয়িদের দেশেই রয়েছেন তিনি। এদিকে, দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে প্রসিদ্ধকে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।



