নয়াদিল্লি: রাজধানীতে নীরজ চোপড়া। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে দেখা করলেন ভারতের সোনার ছেলে। ৭ নম্বর লোক কল্যাণ মার্গে সকাল সাতটায় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশও সারলেন তারকা জ্যাভেলিন থ্রোয়ার। সঙ্গে ছিলেন নীরজের স্ত্রী হিমানি মোর। দীর্ঘক্ষণ আলাপচারিতা চলে তাঁদের মধ্যে। সেই ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘অনেক কথা হয়েছে নীরজের সঙ্গে। খেলাধুলা ছাড়াও আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে।’
২০২৫ সালটা বিশেষ উল্লেখযোগ্য নীরজের কাছে। কারণ দীর্ঘদিন ধরেই ৯০ মিটারের ম্যাজিক ফিগার স্পর্শ করার চেষ্টা করছিলেন তিনি। অবশেষে চলতি বছরের মে মাসে দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার জ্যাভেলিন ছুড়ে লক্ষ্যপূরণ করেন তিনি। তবে সোনা জেতা হয়নি নীরজের। দ্বিতীয় স্থানে শেষ করেন প্রতিযোগিতা। শুধু দোহাই নয়, ২০২৫ সালে তেমন বড় সাফল্য পাননি নীরজ। আর তার বড় কারণ চোট। গত প্যারিস ওলিম্পিকসের আগে থেকেই কোমরের চোট নিয়ে ভুগতে হয়েছে তাঁকে। সেই জন্য বেশ কিছু প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করতে হয়। তবু সুরাহা হয়নি। তবে এই মুহূর্তে চোট সারিয়ে অনেকটাই সুস্থ নীরজ। আগামী প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
২০২৬ সালে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় সোনা জয়ের লক্ষ্যে নামবেন নীরজ। মে মাসে দোহা ডায়মন্ড লিগ ও সেপ্টেম্বরে বেলজিয়ামে ডায়মন্ড লিগ ফাইনাল যার মধ্যে অন্যতম। তবে সব থেকে গুরুত্বপূর্ণ কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমস। আগস্টে স্কটল্যান্ডে বসছে কমনওয়েলথের আসর। ২০১৮ সালে এই আসরে সোনা জিতেছিলেন নীরজ। আর এশিয়ান গেমসে লড়াইটা শীর্ষস্থান ধরে রাখার। ২০১৮ সালে জাকার্তর পর ২০২২ সালে হাংঝউতেও সোনা জিতেছিলেন তিনি। এবার জাপানেও পোডিয়াম ফিনিশ করে হ্যাটট্রিক করাই লক্ষ্য নীরজের। তার জন্য বিদেশের মাটিতে খেপে খেপে প্রস্তুতি সারছেন ভারতের সোনার ছেলে।
উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসে বিয়ে করেছেন নীরজ। তাঁর স্ত্রী হিমানি জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় ছিলেন। খেলাকে বিদায় জানানোর পর ক্রীড়া ব্যবস্থাপনার জগতে প্রবেশ করেছেন তিনি।