Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

পদকের জন্য নীরজ, চানুরা ভরসা ভারতের

জমকালো উদ্বোধনে নজর কাড়লেও এবারের কমনওয়েলথ গেমস ঘিরে ভারতীয় ক্রীড়ামহল খুব একটা আশাবদী নয়।

পদকের জন্য নীরজ, চানুরা ভরসা ভারতের
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গ্লাসগো: জমকালো উদ্বোধনে নজর কাড়লেও এবারের কমনওয়েলথ গেমস ঘিরে ভারতীয় ক্রীড়ামহল খুব একটা আশাবদী নয়। কারণ গ্লাসগো গেমস আয়োজনের ব্যয়ভার কমাতে গিয়ে ছেঁটে ফেলা হয়েছে প্রচুর ইভেন্ট। মাত্র ১০টি খেলাকে রাখা হয়েছে চলতি আসরে। বাদ পড়েছে হকি, ব্যাডমিন্টন, শ্যুটিং, কুস্তির মতো জনপ্রিয় স্পোর্টস। অথচ এতদিন এই ইভেন্টগুলিতেই বেশি পদক পেয়ে এসেছে ভারত। ফলে ২০২৬ গেমসে দেশের পদক সংখ্যা যে অনেকটাই কমবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, গত বার্মিংহাম গেমসে মোট ৬১টি মেডেল এসেছিল। এবার ১২৬ জনের দল পাঠিয়েছে ভারত। মেরেকেটে ৩০টি পদক আসতে পারে।

Advertisement

বৃহস্পতিবার গেমসের উদ্বোধনী দিনে পদক নিশ্চিত করেছেন বক্সার লাভলিনা বড়গোঁহাই। মহিলাদের ৭৫ কেজি বিভাগে ওয়াকওভার পেয়ে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। বক্সিং ছাড়াও ভারত বেশ কয়েকটি পদক পেতে পারে অ্যাথলেটিকস এবং ভারোত্তোলন থেকে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বড়ো ভরসা নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রোয়ে এ মরশুমে তাঁর সেরা থ্রো ৮৫.৬৯ মিটার। পাকিস্তানের আরশাদ নাদিমের সঙ্গে নীরজের দ্বৈরথ জমবে। পাশাপাশি জ্যাভলিনে ভারতকে পদক এনে দিতে পারেন রোহিত যাদব। লং জাম্পে সেরা বাজি মুরলী শ্রীশঙ্কর। চলতি মরশুমে ৮.৩৮ মিটার লাফিয়েছেন তিনি। সোনা জয়ের জোরালো দাবিদার। হাই জাম্পে চমক দিতে প্রস্তুত সর্বেশ কুশার। সদ্য ২.৩০ মিটার লাফিয়ে বিশ্ব র‍্যাংকিংয়ে উঠে এসেছেন চার নম্বরে। ট্রিপল জাম্পে রয়েছেন প্রবীণ চিত্রাভেল। শট পাটে সোনার লক্ষ্যে নামবেন তেজিন্দারপাল সিং তুর। ভারোত্তোলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে সোনার মেয়ে মীরাবাঈ চানুকে ঘিরে বিপুল প্রত্যাশা। টোকিও ওলিম্পিকসের রুপোজয়ী তিনি। নিজের বিভাগে বরাবরই অপ্রতিরোধ্য।
পুরুষদের প্যারা পাওয়ারলিফটার অশোক মালিক এদিন পদকের আশা জাগিয়েও শেষ করলেন চতুর্থ স্থানে। ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকের হিটে ১৪তম স্থানে থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করেন। এদিকে, ডোপিং আইন লঙ্ঘন করায় বার্মিংহাম কমনওয়েলথ গেমসে রুপো জয়ী জুডোকা তুলিকা মানকে গেমস থেকে বাদ পড়লেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ