বেঙ্গালুরু, ২৩ মার্চ: ৩ কোটি ৪৮ লক্ষ ৬৯ হাজার ৬২১ টাকার প্রণামি, ৩২ গ্রাম সোনা ও ১.২৪ কেজি রূপো। এই বিশাল পরিমাণ অনুদান গত একমাসে এসেছে কর্ণাটকের রায়চুরে রাঘবেন্দ্র স্বামী মঠে। গত একমাস ধরে রাঘবেন্দ্র স্বামীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে উৎসব ছিল সেই মঠে। আর সেই উৎসবকে কেন্দ্র করে প্রতিদিনই বিশেষ পুজো ও অনুষ্ঠান ছিল রাঘবেন্দ্র স্বামীর মঠে। যাতে অংশগ্রহণ করেছিলেন প্রায় লক্ষাধিক ভক্তরা। রাঘবেন্দ্র স্বামীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঠে গিয়েছিলেন বহু ভক্ত। দিয়েছেন পুজো ও প্রণামি।
আর সেই প্রণামির পরিমাণ এত বেশি যে গুণতে গিয়ে হিমশিম খেয়েছে মঠ কর্তৃপক্ষ। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মঠের ভিতরে মেঝেতে বসে প্রণামির টাকা গুণছেন ওই মঠের প্রায় ১০০ পুরোহিত(যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান)। সেই ভিডিও দেখে কেউ কেউ চমকে গিয়েছেন আবার কেউ আপ্লুত হয়েছেন। ষোড়শ শতকের সন্ত ছিলেন রাঘবেন্দ্র স্বামী। তাঁর জন্মবার্ষিকীতে প্রতিবছরই বিশেষ অনুষ্ঠান হয় মঠে। যাকে কেন্দ্র করে ভক্তদের ঢল নামে কর্ণাটকের রায়চুরে। গত বছর এই রাঘবেন্দ্র স্বামীর মঠেই গিয়েছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। তাঁদের সঙ্গে ছিলেন ইনফোসিসের কো-ফাউন্ডার নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। তাঁদের রাঘবেন্দ্র স্বামীর মঠে একসঙ্গে আরতি করতেও দেখা গিয়েছিল।