বসিরহাটে তৃণমূল কার্যালয় দখল করল এনসিপিআই
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: একসময় বসিরহাট ছিল তৃণমূলের শক্ত ঘাঁটি। সংখ্যালঘু অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রে কার্যত একচ্ছত্র আধিপত্য ছিল জোড়াফুলের। রাজ্যে পালাবদলের পরেও বসিরহাটে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি বিজেপি। সেই রাজনৈতিক জমিতে এবার ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে এনসিপিআই। একের পর এক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দখল নেওয়ার পর এবার তৃণমূলের দলীয় কার্যালয়ও দখলে নিল তারা। বসিরহাটের রাজনীতিতে যা নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার বসিরহাট ১ ব্লকের টাকি রোড সংলগ্ন সাকচুড়া এলাকায় তৃণমূলের একটি কার্যালয় দখলে নেয় এনসিপিআই। দলীয় ব্যানার ও ফেস্টুনে সাজিয়ে ওই কার্যালয়কে নতুন ব্লক কার্যালয় হিসাবে উদ্বোধন করা হয়। চলে মিষ্টিমুখও। শুধু কার্যালয় দখলই নয়, এদিন দুই শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক এনসিপিআইয়ে যোগ দেন।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটে এই প্রথম নয়। এর আগেও একের পর এক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে নিজেদের প্রভাব বাড়িয়েছে এনসিপিআই। সংগঠনের দাবি, ইতিমধ্যে ১৮টি গ্রাম পঞ্চায়েত এবং তিনটি পঞ্চায়েত সমিতির দখল নিয়েছে তারা। এবার সরাসরি তৃণমূলের কার্যালয় নিজেদের দখলে নেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। এদিন উপস্থিত ছিলেন বনগাঁ, বারাসত ও বসিরহাটের এনসিপিআই কো-অর্ডিনেটর কালীচরণ মণ্ডল এবং বসিরহাট সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর মন্টু হাজি। মন্টু বলেন, ‘পশ্চিমবঙ্গে এখন ডবল ইঞ্জিন সরকার চলছে। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগের সরকার ব্যর্থ হয়েছে। তাই উন্নয়নের স্বার্থে মানুষ উৎসাহের সঙ্গে এনসিপিআইয়ে যোগ দিচ্ছেন। আগামী দিনে বসিরহাট মহকুমার প্রতিটি ব্লকে দলের কার্যালয় তৈরি করা হবে।’

Advertisement