Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফেব্রুয়ারির শুরুতেই চালু হতে চলেছে এনবিএসটিসি’র দীঘাগামী স্লিপার ভলভো

ফেব্রুয়ারির শুরু থেকেই দশ শতাংশ কম ভাড়ায় এনবিএসটিসি’র স্লিপার ভলভো বাসে চেপে উত্তরবঙ্গ থেকে দীঘা-কলকাতায় যাতায়াত করা যাবে।

ফেব্রুয়ারির শুরুতেই চালু হতে চলেছে এনবিএসটিসি’র দীঘাগামী স্লিপার ভলভো
  • ১৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ফেব্রুয়ারির শুরু থেকেই দশ শতাংশ কম ভাড়ায় এনবিএসটিসি’র স্লিপার ভলভো বাসে চেপে উত্তরবঙ্গ থেকে দীঘা-কলকাতায় যাতায়াত করা যাবে। কোচবিহার-দীঘা ভায়া কলকাতা, আলিপুরদুয়ার-দীঘা ভায়া কলকাতা, শিলিগুড়ি-দীঘা ভায়া কলকাতা রুটে এই বাসগুলি চলাচল করবে। আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে ২০০০ টাকায় কলকাতা পর্যন্ত যাওয়া যাবে। দীঘা পর্যন্ত ভাড়া হবে ২৪০০ টাকা। আলিপুরদুয়ার ও কোচবিহারের ক্ষেত্রে ভাড়ার সামান্য হেরফের হবে। শিলিগুড়ি থেকে কলকাতা ১৮০০ টাকা ও দীঘা পর্যন্ত ভাড়া ২১০০ টাকা হবে। রেড বাসের মাধ্যমে যাত্রীরা টিকিট কাটতে পারবেন। আবার ডিপোতে গিয়েও টিকিট কাটা যাবে। এর আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ছ’টি ভলভো বাস উত্তরবঙ্গ থেকে কলকাতা হয়ে দীঘায় চলচল করছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই রুটে আরও  ছ’টি স্লিপার ভলভো বাসের উদ্বোধন করেছেন। বাসগুলি কোচবিহারে আসার পর এখন সেগুলির রেজিস্ট্রেশন সহ অন্যান্য নথি সংক্রান্ত কাজ চলছে। সেই কাজ শেষ হতে ১০ দিন লাগবে। নিগমের দাবি, ফেব্রুয়ারির শুরু থেকেই নির্দিষ্ট রুটে বাসগুলি চলাচল করতে শুরু করবে।

Advertisement

এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, আগে উত্তরবঙ্গ থেকে দীঘাগামী বাসগুলি সপ্তাহে দু’দিন করে চলত। এখন তিন দিন করে চলাচল করবে। স্লিপারগুলি আলিপুরদুয়ার, কোচবিহার থেকে চলবে। আর বসে যাওয়ার বাসগুলি শিলিগুড়ি থেকে চলবে। প্রাথমিক পর্যায়ে আমরা ভাড়ার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দেব। বাসগুলির রেজিস্ট্রেশন সহ কিছু কাজ আছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে বাসগুলি নির্দিষ্ট রুটে চলাচল করবে।

দীঘায় জগন্নাথ মন্দির স্থাপন হওয়ার পর উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মানুষ যাতে খুব সহজেই কলকাতা হয়ে দীঘা পৌঁছতে পারে সেদিকে লক্ষ্য রেখে ছ’টি ভলভো বাস চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ওই একই রুটে স্লিপার ভলভো বাস চালু করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ