Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোতে তিনদিন দীঘাগামী বাস চালাবে এনবিএসটিসি

পুজোর মরশুমে উত্তরের তিন জেলার বেশি সংখ্যক মানুষ যাতে দীঘা যেতে পারেন, তার জন্য অতিরিক্ত আরও একদিন বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

পুজোতে তিনদিন দীঘাগামী বাস চালাবে এনবিএসটিসি
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পুজোর মরশুমে উত্তরের তিন জেলার বেশি সংখ্যক মানুষ যাতে দীঘা যেতে পারেন, তার জন্য অতিরিক্ত আরও একদিন বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সেই সঙ্গে পুজোর দিনগুলিতে নিগমের চালু করা ‘সবুজের পথে হাতছানি’ ট্যুরে এবার দিনে দিনেই ডুয়ার্স ভ্রমণের উপরে জোর দেওয়া হচ্ছে। 

Advertisement

নিগম সূত্রে জানা গিয়েছে, পুজোয় বহু মানুষ বিভিন্ন জায়গায় ভ্রমণে যান। উত্তরের বহু মানুষ দীঘায় যেতে চান। তাই ওই দিনগুলিতে দীঘার অতিরিক্ত বাস কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা থেকে চালাবে নিগম। আবার প্রতি বছর রাজ্য তথা দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ডুয়ার্সে বেড়াতে আসেন। তাঁরা যাতে নিজেদের থাকার জায়গা থেকেই বেরিয়ে সবুজের পথে হাতছানির ট্যুরের সুযোগ গ্রহণ করতে পারেন সেদিকে নজর দেওয়া হচ্ছে। একদিনে ডুয়ার্সের বিভিন্ন রুটে থাকা দর্শনীয় জায়গাগুলি ঘুরে দেখে আবার সেদিনই ফিরে আসতে পারেন। আবার স্থানীয় মানুষরাও যাতে খুব সহজেই পুজোর দিনগুলিতে তাঁদের প্রিয় ডুয়ার্সের জনপ্রিয় জায়গাগুলি ঘুরে দেখে আসতে পারেন সেদিকেও নজর রাখা হচ্ছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, পুজোর মরশুমে সবুজের পথে হাতছানিকে এবার নতুন আঙ্গীকে চালানো হবে। নাইট স্টের বদলে দিনে গিয়ে দিনে ফেরার ওপর জোর দেওয়া হবে। দীঘা যাওয়ার জন্য এবার দু’দিন থেকে বাড়িয়ে তিনদিন করা হবে। 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে দীঘাগামী বাস চালু করেছেন। সেই বাসগুলি নিয়মিত চলাচল করছে। কিন্তু পুজোর মরশুমের দিকে তাকিয়ে এবার সেই বাসের দিন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে নিগম। যাতে আরও বেশি সংখ্যক মানুষ পুজোর দিনগুলিতে দীঘায় বেড়াতে যেতে পারেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ