Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

কর্মীসংখ্যা একেবারে তলানিতে, পুজোর আগে নতুন বাস পাচ্ছে না এনবিএসটিসি

পুজোর আগে নতুন বাস পাচ্ছে না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সেক্ষেত্রে পর্যটনের ভরা মরশুমে নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের বাড়তি চাপ সামলানোর পথ খুঁজে পাচ্ছে না এনবিএসটিসি কর্তৃপক্ষ।

কর্মীসংখ্যা একেবারে তলানিতে, পুজোর আগে নতুন বাস পাচ্ছে না এনবিএসটিসি
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুজোর আগে নতুন বাস পাচ্ছে না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সেক্ষেত্রে পর্যটনের ভরা মরশুমে নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের বাড়তি চাপ সামলানোর পথ খুঁজে পাচ্ছে না এনবিএসটিসি কর্তৃপক্ষ। 

Advertisement

নিগম সূত্রের খবর, নতুন ৬৭টি বাস পাচ্ছে তারা। যদিও বিষয়টি এখনও অর্থদপ্তরের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এরপর টেন্ডার হবে। তারপর অ্যাসেম্বল হবে বাসের যন্ত্রাংশ। যারজন্য কমপক্ষে দরকার চারমাস। ফলে পুজোর আগে এনবিএসটিসির নতুন বাস রাস্তায় নামার সম্ভাবনা ক্ষীণ। 
এদিকে, নিগমের কর্মীসংখ্যা ঠেকেছে তলানিতে। ফলে কর্মী নিয়োগ না করে নতুন বাস দিলেও তা আদৌও রাস্তায় নামানো যাবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এনবিএসটিসির অধিকারিকদের একাংশ। এনিয়ে নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলেন, আমরা ৬৭টি নতুন বাস পাচ্ছি। তবে সেটা পুজোর আগে হাতে আসবে বলে মনে হচ্ছে না। তিনি বলেন, বর্তমানে নিগমে কত কর্মী আছেন, এই মুহূর্তে কতজন দরকার, রাজ্যের তরফে তার একটা হিসাব চাওয়া হয়েছে। সেইমতো আমরা রাজ্যকে পাঠিয়েও দিয়েছি। 
পুজোর মরশুমে কলকাতা থেকে প্রচুর পর্যটক উত্তরবঙ্গে বেড়াতে আসেন। কিন্তু ট্রেনের টিকিট না মেলায় তাঁদের বড়ো ভরসার জায়গা হয়ে দাঁড়ায় এনবিএসটিসির বাস। কারণ, শিলিগুড়ি-কলকাতা এখন বেসরকারি বাসের সংখ্যা বাড়লেও সেগুলির ভাড়া অনেকটাই বেশি। ফলে আর্থিকভাবে তেমন স্বছল নয়, যাত্রীদের জন্য পুজোর মরশুমে বেশি করে কলকাতা-শিলিগুড়ি বাস চালানোর দাবি থাকে। কিন্তু, এবার যা পরিস্থিতি, তাতে আদৌও পুজোর সময় নিগম দূরপাল্লার বিশেষ করে কলকাতা রুটে বাড়তি বাস নামাতে পারবে কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন। 
এমডি বলেন, আমাদের স্থায়ী কর্মীর পদ ৩৭৭৫। আছেন মাত্র তিনশো জন। বাকিটা চুক্তিভিত্তিক কর্মী দিয়ে চলছে। সুষ্ঠু পরিষেবা দিতে এই মুহূর্তে অন্তত তিনশো স্থায়ী কর্মী দরকার বলে জানানো হয়েছে রাজ্যকে। 
এদিকে, একেবারে না হলেও এনবিএসটিসি ধাপে ধাপে দেড়শোটি নতুন বাস পাবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। পুজোর আগে-পরে চারশো নতুন বাস আসার কথা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ওই বাস এলে এনবিএসটিসির ১০০-১৫০টি গাড়ি পেতে পারে। আমরা যদি নতুন বাস পেয়ে যাই, তবে চাহিদার কথা মাথায় রেখে নিশ্চয়ই পুজোর সময় বাড়তি বাস চালানোর চেষ্টা করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ