ডলারের নিরিখে আটমাসে টাকা সর্বাধিক, চাঙা শেয়ারবাজারও
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ভারতীয় মুদ্রার উত্থান অব্যাহত। বুধবার মার্কিন ডলারের নিরিখে ৬৯ পয়সা বেড়ে ৯২.১৬-এ পৌঁছে যায় টাকা। গত আট মাসের মধ্যে যা সর্বাধিক। টাকার পাশাপাশি অনেকটাই চাঙা ভারতীয় শেয়ারবাজার। সোমবারের ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী বিএসই সেনসেক্স ও নিফটি। মঙ্গলবার গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বন্ধ ছিল আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজার।

Advertisement

বুধবার বাজার খুলতেই উন্নতি করল টাকা। শুরুতে টাকার দর ৯২.৬৫ থাকলেও পরে তা ৯২.১৬-এ গিয়ে দাঁড়ায়। ভারতীয় মুদ্রার এই লাগাতার উন্নতি নিয়ে স্বস্তিতে আরবিআই। সূত্রের খবর, টাকা শক্তিশালী হলে আমদানি খরচ কমবে। এর ফলে কম খরচে বেশি পণ্য কিনতে পারবে নয়াদিল্লি। ইতিমধ্যে শুল্ক বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আশঙ্কা কাটিয়ে শক্তি বৃদ্ধি করেছে টাকা। এই অগ্রগতির নেপথ্যে একাধিক কারণ দেখছেন আর্থিক বিশ্লেষকরা। তাঁদের দাবি, মার্কিন বন্ডের সুদের হার কমা সত্ত্বেও ভারতীয় শেয়ারবাজারে বিপুল পরিমাণ বিনিয়োগ করছেন বিদেশি লগ্নিকারীরা। একইসঙ্গে বিশ্ববাজারে পাল্লা দিয়ে কমেছে অপরিশোধিত তেলের দাম। বর্তমানে ব্যারেল প্রতি ৯০ ডলারের নিচে নেমে গিয়েছে ব্রেন্ট ক্রুড। এদিকে বুধবার বাজার খুলতেই দালাল স্ট্রিটেও ইতিবাচক ছবি ধরা পড়ে। এদিন ১৫০২.২৯ পয়েন্ট বেড়ে ৮৩,৯৩৮.২৮-এ গিয়ে থিতু হয় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। নিফটির ক্ষেত্রেও এই উত্থান লক্ষ করা গিয়েছে। এদিন ৪৬৯.৬০ পয়েন্ট বেড়ে ২৫,৮১৯.২৫ পয়েন্টে গিয়ে দাঁড়ায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। প্রসঙ্গত, সোমবার ১৪০০ পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স। পতনের মুখে পড়েছিল নিফটিও। তবে ছুটির পর বাজার খুলতেই ফের গর্জে উঠল ষাঁড়।