মুম্বই: ফের মাথা তুলে দাঁড়িয়েছে মুদ্রাস্ফীতি। পরিস্থিতিতে লাগাম টানতে ডিসেম্বরে ঋণে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে রিজার্ভ ব্যাংক। বুধবার একথা জানালেন বরোদা বিএনপি পারিবাস মিউচুয়াল ফান্ডের সিআইও প্রশান্ত পিম্পল। তিনি জানান, এই মুহূর্তে এটাই উপযুক্ত পদক্ষেপ। এর ফেলে দেশে মুদ্রাস্ফীতির প্রভাব খতিয়ে দেখার সময় পাবে আরবিআই। একইসঙ্গে বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপরেও নজর রাখা যাবে। প্রশান্তের কথায়, গত কয়েক দিনে পরিস্থিত কিছুটা বদলেছে। বিশেষ করে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের পর। পশ্চিম এশিয়ায় সংঘর্ষ থেমেছে। ফের শুরু হয়েছে যুদ্ধবিরতি ও সমঝোতা সংক্রান্ত আলোচনা। এর আন্তর্জাতিক জেরে অপরিশোধিত তেলের দাম কমেছে। কিন্তু দেশে মুদ্রাস্ফীতির পরিসংখ্যান ঊর্ধ্বমুখী। আমার মনে হয়, এই অবস্থায় রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়তেই পারে।’ আগামী ২ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে আলোচনায় বসতে চলেছে কেন্দ্রীয় ব্যংকের নীতি নির্ধারণ কমিটি। অক্টোবরে সুদের হার বাড়ানো হয়েছিল। এবারও কী একই পথে হাঁটবে রিজার্ভ ব্যংক? উত্তরের অপেক্ষায় অর্থনৈতিক মহল।



