নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে ভারত। নয়াদিল্লি ও ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেই আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরমধ্যেই ভারতের উপর চড়া ২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপাতে চলেছে আমেরিকা। রয়টার্স জানিয়েছে, সাতটি দেশের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হয়েছে। এরমধ্যে রয়েছে ভারতও। তবে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হয়ে গেলে ওই শুল্কের হার ১৭ শতাংশে নেমে আসতে পারে। অর্থাৎ যাই হোক না কেন, জুলাইয়ের তুলনায় ভারতীয় রপ্তানিকারকদের অন্তত সাত শতাংশ বেশি শুল্ক এবার থেকে দিতে হবে। চীনের উপর সর্বাধিক ৪০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। ইউএস ট্রেড রিপ্রেজেনটিটিভ (ইউএসটিআর) জেমেইসন গ্রেরের পরিকল্পনা অনুযায়ী, ভারতের মতোই ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হয়েছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, তাইওয়ানের উপর।
সূত্রের খবর, বাণিজ্য ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পেতে কোনো দেশ অন্যায় পথ নিচ্ছে কি না, তা দেখার জন্য বিশ্বের ১৬টি বৃহত্তম অর্থনীতির উপর নজরদারি চালিয়ে ছিল আমেরিকা। আট মাস তদন্তের পরে এই দেশগুলির বেনিয়ম ধরা পড়েছে। তাই মার্কিন বাজারে এই দেশগুলির পণ্যের জোয়ার আটকাতে শুল্কের পথে হাঁটতে হল আমেরিকাকে। ইউএসটিআর জানিয়েছে, ‘অতিরিক্ত উৎপাদনের জন্য এই দেশগুলিতে সরকারের পক্ষ থেকে প্রচুর সহায়তা দেওয়া হয়। আমাদের কাছে এই অনুশীলন অযৌক্তিক মনে হয়েছে। তাই মার্কিন বাণিজ্যের উপর বোঝা বা প্রতিবন্ধকতা সৃষ্টি রুখতে এই পদক্ষেপ করা হল।’
এর আগে দুই মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এবং ওয়ালস্ট্রিট জার্নাল তদন্তমূলক প্রতিবেদনে ভারত, চীন সহ এক ডজন দেশের উপর ট্রাম্প প্রশাসন আমদানি শুল্ক চাপানোর চিন্তাভাবনা শুরু করেছে বলে জানিয়েছিল। গত ফেব্রুয়ারিতে সেই শুল্ক বাতিল করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। সেই নির্দেশকে পাশ কাটিয়েই এবার শুল্ক চাপানোর তোড়জোড় শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারা ব্যবহার করে ভারত, চীন ও বাংলাদেশসহ ১৬টি দেশের ওপর নতুন শুল্ক চাপানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।



