সংবাদদাতা, বসিরহাট: লাগাতার বৃষ্টির ফলে ইট তৈরির কাজে বিঘ্ন ঘটছে। বসিরহাট মহকুমায় প্রায় ৫০০ ইটভাটা আছে। কমকরে ৩০ হাজার পরিবার এই কাজে যুক্ত। তিনদিনের বৃষ্টিতে কয়েক কোটি ইট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। প্রতিবারের মতো এবছরও কালীপুজোর পর ইট কাটা শুরু করেছিল বেশিরভাগ ইটভাটা। কয়েক লক্ষ ইট রোদে শুকিয়ে পোড়ানোর উপযোগী করে তোলা হয়েছিল। কিন্তু বৃষ্টির জন্য সে কাজ থমকে। এর ফলে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আশা শ্রমিকরা প্রায় দু’সপ্তাহ কাজ পাননি। সবমিলিয়ে সংকটের মুখে তাঁরা। হাফিজুল মোল্লা নামে একটি ভাটার শ্রমিক জানান, তিনি ৯ বছর ধরে ভাটায় শ্রমিকের কাজ করছেন। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কাজ করেন। এই পাঁচমাস কাজ করে সব খরচখরচা বাদ দিয়ে সঞ্চয় করেন প্রায় ৫৫ হাজার টাকা। যা দিয়ে অধিকাংশ শ্রমিক বাড়ি বানানো সহ মেয়ের বিয়ে দেন বা অন্যান্য জরুরি কাজ সারেন। এখন প্রায় দু’সপ্তাহ বন্ধ থাকবে কাজ। ফলে হাতে টাকা না থাকায় কীভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এখানে একাধিক নদীর পাশে ফসল উৎপন্ন হয় না। সে নোনা জমিতে ইট তৈরির ভাটা গড়ে উঠেছে। ভাটায় কাজ করেন আশপাশের গ্রামের মানুষ এবং অন্য রাজ্য থেকে আসা শ্রমিকরা। তাঁরা সবাই ক্ষতির মুখে। ইটভাটা মালিকদের সমিতির সাধারণ সম্পাদক সমর সানা বলেছেন, ‘আমরা লক্ষাধিক টাকার ক্ষতির মুখোমুখি হলাম।’



