নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্পে পশ্চিমবঙ্গের সম্ভাবনা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার পথে এখনো অনেক বাধা রয়ে গিয়েছে। বণিকসভা অ্যাসোচেম ও প্রাইমাস পার্টনার্সের যৌথ রিপোর্টে এমনটাই বলা হয়েছে। তারা বলছে, এদেশে শিল্পের বৃদ্ধি এখন আর শুধু উৎপাদন ক্ষমতা বা কম খরচের উপর নির্ভর করে না—প্রযুক্তিগত দক্ষতা, গুণমান, সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা আর বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার ক্ষমতাই এখন আসল মাপকাঠি। যেহেতু এই বদলের কেন্দ্রে আছেন কর্মীরাই, তাই শ্রম বা কর্মী দক্ষতায় পরিবর্তন আনার সুপারিশ করেছে বণিকসভাটি।
রিপোর্টে বলা হয়েছে, বাংলার হাতে রয়েছে উৎপাদন শিল্পের জন্য প্রয়োজনীয় বিপুল কর্মী ভাণ্ডার। দেশের মোট উৎপাদন শিল্পের কর্মসংস্থানের প্রায় ১২ শতাংশই এরাজ্যে, যেখানে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের ১১ শতাংশ। এই কর্মীদের প্রায় ৪০ শতাংশই মহিলা। কিন্তু এই বড়ো সংখ্যার আড়ালে রয়েছে এক কঠিন বাস্তব। ২০২৫ সালে রাজ্যের অসংগঠিত উৎপাদন শিল্পে একজন শ্রমিক বছরে গড়ে প্রায় ১ লক্ষ ১৪ হাজার টাকা আয় করেছেন। সেখানে জাতীয় গড় ১ লক্ষ ৪১ হাজার টাকা, গুজরাতে ১ লক্ষ ৫৮ হাজার টাকা আর তামিলনাড়ুতে ১ লক্ষ ৬১ হাজার টাকা। অর্থাৎ শ্রমিকের সংখ্যায় বাংলা এগিয়ে, মজুরিতে পিছিয়ে। মজুরি কম হওয়ার মানে শুধু আয় কম নয়—এর অর্থ উৎপাদনশীলতাও কম, দক্ষতাও কম। এঁদের বড়ো অংশই এখনো ইপিএফও, ইএসআইসির মতো সামাজিক সুরক্ষার বাইরে।
রিপোর্টে বলা হয়েছে, বাংলায় ছোটো সংস্থার প্রধান্য থাকলেও আধুনিক প্রযুক্তি, গবেষণার সুবিধা, বড়ো ক্রেতা আর আন্তর্জাতিক বাজার পাওয়ার ক্ষমতা সীমিত। শিল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ নেই। আইটিআইগুলির পাঠ্যক্রম অনেক ক্ষেত্রেই পুরানো। মালিক, শ্রমিক, ট্রেড ইউনিয়ন ও শ্রমদপ্তরের মধ্যে নিয়মিত আলোচনার অভাব রয়েছে।
এই সমস্যা থেকে বেরিয়ে আসতে একাধিক সুপারিশ করা হয়েছে। রিপোর্টটি বলছে, পোশাক, জুতো, চার্মজাত পণ্য ও খাদ্য প্রক্রিয়াকরণের মতো শ্রমনিবিড় শিল্পে জোর দিলে অসংগঠিত কর্মী বাহিনীকে সংগঠিত কারখানার কর্মসংস্থানে আনা যাবে। এমএসএমইগুলিকে আধুনিক প্রযুক্তি, গবেষণার সুবিধা, বড়ো ক্রেতা আর আন্তর্জাতিক বাজার পাইয়ে দিতে হবে। এজন্য মডেল হিসাবে দেখানো হয়েছে তামিলনাড়ুর তিরুপ্পুরকে, যেখানে ছোটো ছোটো সংস্থাগুলি নিজেদের মধ্যে সমন্বয় রেখে এই এলাকাকে বিশ্বমানের রপ্তানি ক্লাস্টার হিসাবে গড়ে তুলেছে।
রিপোর্টটি বলছে, জেলাভিত্তিক স্কিলিং কাউন্সিল তৈরি, শিল্প আর আইটিআইয়ের মধ্যে সমন্বয়, পাঠ্যক্রম ও প্রশিক্ষণ ব্যবস্থা আধুনিক করা, ইলেকট্রনিক্স, শিল্প অটোমেশন ও রাসায়নিকের মতো ক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে হবে। একইসঙ্গে শ্রম বিরোধের দ্রুত সমাধান, ইউনিয়নকে রাজনীতিমুক্ত করা আর চারটি শ্রম কোডের সুযোগ নিয়ে শ্রমব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্টের মতে, কম মজুরির উপর নির্ভর করে টিকে থাকার মানসিকতা থেকে বেরিয়ে দক্ষতা, গুণমান, প্রযুক্তি আর শ্রমিকের নিরাপত্তার উপর ভর করেই বাংলাকে এগোতে হবে।



