নয়াদিল্লি: প্রোটিন জাতীয় খাদ্যের দাম বেড়েছে অনেকটাই। তাই বাধ্য হয়ে পুষ্টির সঙ্গে আপস করছেন দেশের বড় অংশের মানুষ। একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। গত কয়েক মাসে আমিষ এবং নিরামিষ উভয় ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবারের দাম বেড়েছে। ডাল, মাছ, মাটন ও দুধের দাম বেড়ে যাওয়ায় প্রোটিনের সুলভ উৎসে টান পড়েছে। এর ফলে আগের তুলনায় একই অর্থ খরচ করে কম প্রোটিন জাতীয় খাদ্য পাচ্ছেন ক্রেতারা। বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতির কারণে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো খরচের তুলনায় কম পুষ্টি পাচ্ছে। ক্রয়ক্ষমতার সঙ্গে তাল রাখতে গিয়ে সাধারণ মানুষ খাবারের তালিকা থেকে সুষম ও প্রোটিনসমৃদ্ধ খাবার কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। অ্যামিটি বিজনেস স্কুলের ডিরেক্টর সঞ্জীব বনশল বলেন, ‘প্রোটিন সমৃদ্ধ খাবারের দাম বৃদ্ধির ফলে গৃহস্থের বাজেটে চাপ বাড়ছে। এর বিরূপ প্রভাব পড়ছে পুষ্টিতে। অতিরিক্ত খরচ করেও ক্রেতারা পূর্বেকার তুলনায় সমমানের পুষ্টিকর খাবার কিনতে পারছে না।’
গত এপ্রিলে অড়হর ডালের দাম কমে ছিল ৪.৮৬ শতাংশ। আর অক্টোবরে এই ডালের দাম বেড়েছে ১৫.৩৩ শতাংশ। এপ্রিলে বিউলির ডালের দাম কমেছিল ০.৪১ শতাংশ। অক্টোবরে হিসাবে এই ডালের দাম বেড়েছে ১১.৬৬ শতাংশ। প্রাণিজ প্রোটিনের দামও বেড়েছে অনেকটাই। অক্টোবরে মাটনের ৮.৬৩ শতাংশ, ডিমের ৮.৩৩ শতাংশ মাছের ৮.৫৭ শতাংশ গড় দাম বেড়েছে। তুলনায় কিছুটা স্বস্তি দিয়েছে চিকেন । এর দাম কমেছে ১১.৩২ শতাংশ। দুধের দামও অক্টোবর নাগাদ ৪.৬৩ শতাংশ বেড়েছে।



