সেনসেক্স পড়ল ১৪০০ পয়েন্ট, বাজার থেকে উধাও ৫ লক্ষ কোটি টাকা
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজার থেকে উধাও হয়ে গেল ৫ লক্ষ কোটি টাকা। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের রেকর্ড পতন হল। একটা সময় ১৯০০ পয়েন্ট পড়ে গিয়েছিল সূচক। দিনের শেষে সেই পরিস্থিতি থেকে  সামান্য উন্নতি হয়। সবমিলিয়ে সেনসেক্স পড়েছে ১৪৮৩ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও এদনি ৪৫০ পয়েন্ট পড়েছে। কিন্তু টানা কয়েকদিন ইতিবাচক থাকার পর হঠাৎ করে কেন এমন বিস্ময়কর আচরণ করল বাজার?

Advertisement

প্রথম কারণ অবশ্যই প্রফিট বুকিং। বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার প্রফিট বুকিংয়ের পর  সেগুলি এদিন বিক্রি শুরু হয়। সোমবার দেখা যায় সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলির শেয়ার বিক্রি আচমকা বেড়ে গিয়েছে। প্রথম সারির তাবৎ ব্যাঙ্কের শেয়ার তা‌ই অন্তত সাড়ে ৩ শতাংশ কমে যায়। পাশাপাশি এদিন টাকারও পতন হয়েছে। এই জোড়া ধাক্কাতেই কার্যত বেসামাল হয়ে যায় শেয়ার বাজার। অর্থনৈতিক মহল এবং লগ্নিকারীদের কাছে প্রধান প্রশ্ন, রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকের শেয়ার বিক্রি এভাবে একই দিনে হঠাৎ রেকর্ড মাত্রায় পৌঁছে গেল কেন? মনে করা হচ্ছে, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রেপো রেট  বাড়াতে চলেছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক। মার্কিন ফেডারেল ব্যাংক যখন সুদের হার বাড়ায়, তখন  বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে লগ্নি প্রত্যাহার করে আমেরিকার বাজারে বিনিয়োগ করে। শেয়ার পতনের জন্য এটাও একটা বড়ো কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বিরোধীরা বাজারের এই রহস্যময় আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের বক্তব্য, এখন শেয়ার বাজারে কোটি কোটি  আম জনতার অর্থ লগ্নি করা আছে। সুতরাং সরকার যেন আগে থেকে সতর্ক থাকে যে, ভিতরে কী ঘটছে। অর্থনৈতিক মহলের বক্তব্য‌, আগামী ৪ ডিসেম্বর রিজার্ভ ব্যাংকের নীতি নির্ধারণ কমিটির  বৈঠক। সেখানেও কী সিদ্ধান্ত হয়, সেটিও গুরুত্বপূর্ণ।