নিজস্ব প্রতিনিধি, তমলুক: আগামী ডিসেম্বরের শুরু থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় ‘বাংলার উদ্যম ক্রেডিট কার্ড স্কিমে’ আবেদন শুরু হবে। রাজ্য থেকে ওই প্রকল্পের বিস্তারিত তথ্য জেলায় এসে গিয়েছে। এনিয়ে জেলাস্তরে ও মহকুমাস্তরে মনিটরিং কমিটিও গড়া হয়েছে। কোনো গ্যারেন্টার ছাড়াই এই স্কিমে লোন দেবে ব্যাংক। তার এক-চতুর্থাংশ সাবসিডি। বাকি অর্থরাশির সুদ বহন করছে সরকার। এজন্য বেশকিছু শর্ত আরোপ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় ১লক্ষ ৮৫হাজার ৬০৫জন উদ্যম রেজিস্ট্রেশন রয়েছে। এছাড়া, বিগত সরকারের সময়কালে ২২১৬জন ভবিষ্যৎ ক্রেডিটকার্ড করালেও কোনো সুবিধা পাননি। সেই লিস্ট জেলা প্রশাসনের কাছে রয়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করানো আবেদনকারীরা এই স্কিমের সুবিধা পাবেন।
জেলা শিল্পকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বাংলার উদ্যম ক্রেডিট কার্ড স্কিম সংক্ষেপে বিইউসিসিএস মূলত দু’টি ক্যাটাগরির। একটি হল-ট্র্যাক ওয়ান। অপরটি হল, ট্র্যাক টু। ট্র্যাক ওয়ান ক্যাটাগরি সম্পূর্ণ নতুনদের জন্য। অর্থাৎ কেউ নতুন করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই সুবিধা গ্রহণ করতে পারবেন। আবেদনকারীকে রাজ্যের বাসিন্দা হতে হবে। ভোটার তালিকায় নাম থাকতে হবে। বয়স ১৮থেকে ৫৫বছর হতে হবে। পরিবারের একজন এই সুবিধা পাবেন। আয়ের কোনো ঊর্ধ্বসীমা রাখা হয়নি। আবেদনকারী যেন ব্যাংক ডিফল্টার না হন। আবেদনকারীর উদ্যম রেজিস্ট্রেশন থাকতে হবে। এছাড়া, এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম(ইডিপি) ছ’দিনের প্রশিক্ষণ থাকতে হবে। যে কোনো ধরনের কাজের জন্য আবেদনকারী ৫০হাজার টাকা ব্যাঙ্কঋণের জন্য আবেদন করতে পারবেন। এক-চতুর্থাংশ অর্থাৎ সাড়ে ১২হাজার টাকা ভর্তুকি। কোনো সুদ দিতে হবে না। এক বছরের মধ্যে শোধ দিলে আবেদনকারী ট্র্যাক টুতে যাওয়ার ছাড়পত্র পেয়ে যাবেন।
বাংলার উদ্যম ক্রেডিট কার্ড স্কিমে ট্র্যাক-টু খুব গুরুত্বপূর্ণ। এই ক্যাটাগরিতে লোনের পরিমাণ ১০লক্ষ টাকা। ভরতুকি এক-চতুর্থাংশ। সুদ বহন করবে সরকার। আবেদনকারীর ব্যবসা কিংবা কোনো প্রজেক্ট থাকতে হবে। এখানে ডিপিআর তৈরি করে জমা করতে হবে। সেটা মূল্যায়ন করা হবে। কোনোরকম সিকিউরিটি ডিপোজিট লাগবে না। উভয় ক্যাটাগরির আবেদন আসার পর মহকুমাস্তরে ও জেলাস্তরে অনুমোদন করা হবে। তারপর ব্যাংকের কাছে পাঠানো হবে।
জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুব্রত দাস বলেন, ডিসেম্বর মাস থেকেই অনলাইনে বাংলার উদ্যম ক্রেডিট কার্ড স্কিমে আবেদন করা যাবে। দীর্ঘদিন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য ব্যাঙ্ক লোনের স্কিম বন্ধ ছিল। অনেকের সমস্যা হয়েছে। এবার এই স্কিম চালু হওয়ার ফলে অনেকের সুবিধা হবে। জেলাস্তরের কমিটিতে জেলাশাসক চেয়ারপার্সন এবং মহকুমাস্তরের কমিটিতে মহকুমা শাসক চেয়ারপার্সন আছেন। আমরা বিজ্ঞপ্তি পেয়ে গিয়েছি। আমাদের জেলায় ডিসেম্বর থেকেই এই কাজ শুরু হয়ে যাবে।



