নিম্নচাপের বৃষ্টির জেরে রেশম চাষে ক্ষতির আশঙ্কা করিমপুরের চাষিদের
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, করিমপুর:  নিম্নচাপের জেরে কয়েক দিনের বৃষ্টিতে রেশম চাষে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে করিমপুরের চাষিদের মধ্যে। বৃষ্টির জলে ভেজা তুঁতপাতা খেলে পলু পোকার রোগ হওয়ার পাশাপাশি রেশমের গুটি আকারে ছোট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে উৎপাদন ও গুণগত মান কমে যাওয়ার পাশাপাশি বাজারে উপযুক্ত দাম না পাওয়ার ভয় করছেন চাষিরা। করিমপুর ১ ও ২ ব্লক মিলিয়ে বর্তমানে প্রায় পাঁচশো চাষি রেশম চাষের উপর নির্ভরশীল। স্থানীয় চাষিরা জানান, করিমপুর রেশম খামার থেকে তুঁত গাছ ও পলু পোকার ডিম সংগ্রহ করে বাড়িতেই তুঁত চাষ এবং পোকা পালন করেন তাঁরা। রেশম খামার থেকে সামান্য খরচে পলু পোকার ডিম-সহ ডালা, চন্দ্রকি, চাকি নেট, রিয়ারিং নেট ও প্যারাফিন পেপারের মতো প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া যায়। তুঁত পাতা খেয়েই বড় হয় পলু পোকা। বছরে প্রায় পাঁচবার এই চাষ করা হয়। গরমকালে ১৮-২০ দিন এবং শীতকালে ৩০-৩২ দিনের মধ্যে পোকা রেশমের গুটি তৈরি করে। সেই গুটি মূলত মালদহের কালিয়াচক কোকুন বাজারে বিক্রি করেন চাষিরা। পিপুলখোলার চাষি মজিদুল রহমান সেখ জানান, গত ১৫ বছর ধরে তিনি এই চাষ করছেন। পলু পোকার খাবারের জন্য আড়াই বিঘা জমিতে তুঁত চাষ করেছেন। করিমপুরের রেশম গুটির উৎপাদন ও গুণগত মান ভাল হওয়ায় বাজারে তুলনামূলক বেশি দাম পাওয়া যায়। কিন্তু এবছর নিম্নচাপের বৃষ্টিতে তুঁত পাতা ভিজে যাওয়ায় সেই পাতা খেয়ে পলু পোকার রোগ হতে পারে। পাশাপাশি গুটি ছোট হওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে উৎপাদন ও গুণমান, দুই ক্ষেত্রেই ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। সেনপাড়ার চাষি দেবদত্ত সাহা বলেন, পলু পোকার ডিম সংগ্রহ করতে রেশম অফিসে ৩২০ টাকা খরচ হয়। এছাড়া প্রতি বিঘা জমিতে চাষের জন্য আরও প্রায় দেড় হাজার টাকা খরচ করতে হয়। গত বছর ভাল উৎপাদন হওয়ায় চাষিরা যথেষ্ট লাভবান হয়েছিলেন। কিন্তু এবছরের বৃষ্টি তাঁদের দুশ্চিন্তায় ফেলেছে। তিনি বলেন, একদিন তুঁতপাতা না খেলে পোকার যতটা ক্ষতি হয়, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হতে পারে ভেজা পাতা খাওয়ালে। অন্য চাষি জিনারুল সেখ জানান, পলু পোকা পালন করেই তিনি সংসার চালানোর পাশাপাশি বাড়ি তৈরি ও জমি কিনেছেন। তবে এবছর বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। রেশম অফিসের কর্মী হরিপদ বিশ্বাস জানান, ১৯৮৮ সালে জেমশেরপুর এলাকায় ৪৫ বিঘা জমির উপর এই রেশম খামার তৈরি হয়েছিল। সেখানে তুঁত চাষ ও পলু পোকা পালন করার পাশাপাশি এলাকার চাষিদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হয়। গত বছর করিমপুর এলাকার চাষিরা মোট প্রায় ২০০ মেট্রিক টন রেশম গুটি উৎপাদন করেছিলেন। তবে এবছর নিম্নচাপের বৃষ্টির জেরে সেই উৎপাদন কতটা বজায় রাখা সম্ভব হবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।

Advertisement