নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বহু জমি সংস্থার নামেই ছিল না। কিছুদিন আগে সেই জমিগুলিকে নিগম সংস্থার নামে করার উদ্যোগ নিয়েছিল। সেই কাজে সাফল্য এসেছে। ৪৫টি জায়গায় নিগমের মোট ৮৫ একরের উপর জমি রয়েছে। যার মধ্যে ৩২টিতে এখন আর কোনও সমস্যা নেই। বাকি ১২টিতে প্রক্রিয়া চলছে। একটি জমি নিয়ে মামলা চলছে। বিস্তর চেষ্টা করে নিগম এই ৩২টি জায়গার একাংশ নিজেদের নামে করেছে। এতগুলি জায়গা নিজেদের নামে হলেও, মাফিয়াদের দখল থেকে একাংশ উদ্ধারে সমস্যা হচ্ছে পানিট্যাঙ্কিতে। সেখানে নিগমের হাতে ০.৮৬ একর জমি রয়েছে। এই সব জমিও উদ্ধারের চেষ্টা চলছে। জমিগুলি সংস্থার নামে হওয়ায় সরকারিভাবে কোনও প্রকল্প গ্রহণ করা হলে সেক্ষেত্রে বরাদ্দ পেতে সুবিধা হবে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, এক সময় এনবিএসটিসির জমিগুলির একাংশ নিগমের নামে ছিল না। এখন অনেকটাই সমাধান হয়ে গিয়েছে। কিছুটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এতে বিভিন্ন কাজের জন্য সরকারি বরাদ্দ পেতে সুবিধা হবে। বেশকিছু জমি বেদখল হয়ে গিয়েছিল। সেগুলিও উদ্ধার করা হয়েছে। দু-এক জায়গায় সমস্যা রয়েছে। ১৯টি জায়গায় আমরা জমি ভাড়া নিয়ে স্ট্যান্ড পরিচালনা করি।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, নিগমের ৪৫টি জায়গায় মোট জমির পরিমাণ ৮৫.৬৩১৩ একর। তার মধ্যে যে ৩২টি জায়গা নিগমের জমি বলে ল্যান্ড রেকর্ড তৈরি হয়েছে, তার পরিমাণ ৬৫.৮৭১৩ একর। ১২টি জায়গার জমি সংস্থার নামে করার জন্য নিগম প্রক্রিয়া চালাচ্ছে। সেই জমির পরিমাণ ১৭.৯৫০০ একর। যে একটি জমির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চলছে, তার পরিমাণ ১.৮১ একর।
সংস্থার নামে জমি রেকর্ড হলে এই সব জায়গায় নতুন কোনও উদ্যোগ নেওয়া যেতে পারে। অন্য কোনও সংস্থার সঙ্গে যৌথভাবে কোনও প্রকল্প শুরু করা যেতে পারে। যা আয় বাড়াতে সাহায্য করবে। এসব ক্ষেত্রে সরকারি সহযোগিতা, বরাদ্দ পেতে সুবিধা হবে।