Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আয় বৃদ্ধিতে মরিয়া এনবিএসটিসি, কর্মীর অভাবে কমেছে ২৫০টি বাস

গত সাড়ে চার বছরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসের সংখ্যা কমেছে আড়াইশোটি। স্থায়ী কর্মীর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২৮৬ জনে।

আয় বৃদ্ধিতে মরিয়া এনবিএসটিসি, কর্মীর অভাবে কমেছে ২৫০টি বাস
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গত সাড়ে চার বছরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসের সংখ্যা কমেছে আড়াইশোটি। স্থায়ী কর্মীর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২৮৬ জনে। ফলে বাসের কর্মী নিয়োগের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। কর্মী নিয়োগ হলেই আরও বাস রাস্তায় নামানো সম্ভব হবে বলে নিগম মনে করছে। 

Advertisement

এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, ২০২১-’২২ অর্থবর্ষে নিগমের হাতে ছিল ৯৫৪টি বাস। সেখানে ২০২৫-’২৬ অর্থবর্ষে সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ৭০৪টিতে। পাশাপাশি ২০২১-’২২ অর্থবর্ষে নিগমের স্থায়ী কর্মী ছিলেন ৬৬৩ জন। চলতি অর্থবর্ষে তা কমে ৩৭৭ হয়েছে। অর্থাৎ, ২৮৬ জন স্থায়ী কর্মী কমে গিয়েছে। নিগমে স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, এজেন্সি সব মিলিয়ে মোট ৬০৮৬টি পদ রয়েছে। যার মধ্যে ২০২১-’২২ অর্থবর্ষে ২৮৪১ জন কর্মী ছিলেন। চলতি অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে ২৫৮৩। অর্থাৎ মোট কর্মীর দিক দিয়েও সংখ্যা কমেছে। তবে নিগমের দাবি, প্রস্তাবিত আয় চলতি অর্থবর্ষে বাড়তে চলেছে। বর্ষ শেষে তা ১৮৪ কোটি ২১ লক্ষে পৌঁছতে পারে। 
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, নিগমের চেয়ারম্যান হিসেবে আমার চার বছর পূর্ণ হল। ১৫ বছরের বেশি পুরনো গাড়ি আমাদের বাতিল করতে হয়েছে। এই সংখ্যাটা প্রায় ৩৩৮। রাজ্য সরকার আমাদের ৮৮টি নতুন বাস দিয়েছে। আগামীতেও বাস পাব। আশা করি, বাসের ঘাটতি মিটে যাবে। প্রতিদিন ৫৫০ গাড়ি রাস্তায় নামে। তবে আমাদের কর্মী কম রয়েছে। কিছু ড্রাইভার, কন্ডাক্টর পেলে আমরা আরও একশোটি গাড়ি রাস্তায় নামাতে পারব। কর্মীর অভাবের বিষয়টি সরকারকে জানানো হয়েছে। আশা করি, কর্মী দ্রুত নিয়োগ হবে। 
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, ২০২১-’২২ অর্থবর্ষে নিগমের মোট আয় হয়েছিল ১০২ কোটি ১৩ লক্ষ টাকা। পরবর্তী অর্থবর্ষগুলিতে নিগমের আয় হয়েছে যথাক্রমে ১৮২ কোটি ২৪ লক্ষ, ১৮২ কোটি ১৩ লক্ষ, ২৭৩ কোটি ৩২ লক্ষ টাকা। চলতি অর্থবর্ষে যা বেড়ে ১৮৪ কোটি ২১ লক্ষ টাকায় পৌঁছতে পারে। এই সময়কালের মধ্যে নিগম বেশকিছু পরিকাঠামোগত কাজ করেছে। যার জন্য প্রায় ১০-১২ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে নতুন বাসস্ট্যান্ড, কোচবিহারে পরিবহণ ভবন সংস্কার সহ একাধিক কাজ হয়েছে। একসঙ্গে কিছু কর্মী নিয়োগ হলে তবে আরও বাস রাস্তায় নামিয়ে নিগম পরিষেবা বৃদ্ধি করতে পারবে। এতে আয়ের পথও প্রশস্থ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ