সংবাদদাতা, বহরমপুর: বেপরোয়া বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হল। এই দুর্ঘটনায় ওই নেশাগ্রস্ত বাইকচালকও গুরুতর জখম হয়েছে। বুধবার দুপুর ১টা নাগাদ খড়গ্রাম থানার বাতুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম শান্তি মণ্ডল(৬৫)। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জখম বাইকচালক কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খড়গ্রাম থানার পুলিস জানিয়েছে, ঘাতক বাইক আটক করা হয়েছে। সেটির চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
Advertisement
শান্তিবাবু বুধবার দুপুরে সাইকেল নিয়ে জমি দেখতে গিয়েছিলেন। জমির পাশে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ একটি বাইক বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। বাইকের ধাক্কায় তাঁর সাইকেল ভেঙে যায়। বাইকের চালকও পড়ে যায়। স্থানীয়রা দু’জনকেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শান্তিবাবুকে মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের ছেলে মানব মণ্ডল বলেন, মাঠে একদল ছেলে পিকনিক করছিল। তাদেরই একজন নেশাগ্রস্ত অবস্থায় বাবাকে মোটরবাইকে ধাক্কা মারে।



