Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

 বালুরঘাটে বাস দিয়ে ডিএম অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

 বালুরঘাটে বাস দিয়ে ডিএম অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: লোকসভা ভোটে সরকারি কাজে গাড়ি ভাড়া দিলেও প্রায় ১৬ লক্ষ টাকা পাননি মালিকরা। দীর্ঘদিন সুরাহা হচ্ছে না দেখে অবশেষে তাঁরা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন। আজ, মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে তাঁদের হুঁশিয়ারি, প্রয়োজনে গাড়ি দিয়ে ডিএম অফিস ঘেরাও করবেন।
Advertisement
কর্মীদের নিয়ে যাওয়া সহ বিভিন্ন কাজ করা হয়েছিল গাড়িগুলি ব্যবহার করে। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও ভাড়ার টাকা পাননি মালিকরা। বকেয়া আদায় করতে দীর্ঘদিন তাঁরা বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন চত্বরে ঘুরছেন। সোমবার ফের জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। তাঁদের দাবি, মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে প্রশাসনকে। সমাধান না হলে গাড়ি দিয়ে ডিএম অফিস ঘিরে ফেলবেন মালিকরা।
যদিও প্রশাসনের দাবি, নির্বাচন কমিশন থেকে টাকা এলেই দ্রুত বকেয়া বিল মেটানো হবে। জেলার আরটিও অনুপম চক্রবর্তীর কথায়, কমিশন থেকে ধাপে ধাপে টাকা আসে। এর আগে অন্য বিষয়ে খরচের টাকা এসেছিল। পরিবহণের বিল পাঠানো আছে। সেই বরাদ্দ এলেই দ্রুত গাড়ির মালিকদের টাকা দেওয়া হবে। এবিষয়ে বালুরঘাটের স্মল ভেহিকেলস ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নৃপেন্দ্রনাথ কুণ্ডুর মন্তব্য, ভোট মিটে গেলেও গাড়ি ভাড়া বাবদ প্রায় ১৬ লক্ষ টাকা পাচ্ছি না। দীর্ঘদিন ধরে বিলের জন্য ঘুরছি। চালকদের বেতন দিতে পারছি না। এবার পুজোতেও বোনাস দিতে পারিনি। মঙ্গলবার টাকা না পেলে আমরা সমস্ত গাড়ি নিয়ে বালুরঘাটের ডিএম অফিস ঘেরাও করব। 
গত লোকসভা নির্বাচনে বালুরঘাটে প্রায় ৮০টি গাড়ি ব্যবহার করা হয়। একেকটি গাড়ির জন্য জেলা প্রশাসনের কাছে বিল জমা করেছেন মালিকরা। প্রশাসন সূত্রে খবর, নির্বাচন কমিশন থেকে একবার টাকা এসেছে। সেই অর্থ দিয়ে অন্য খাতের খরচ মেটানো হয়েছে। পরবর্তী ধাপে টাকা আসেনি বলেই এমন সমস্যা। 
এক গাড়ির মালিক পার্থ তালুকদার বলেন, প্রশাসন আমাদের গাড়িগুলি ব্যবহার করেই পুরো ভোট পরিচালনা করেছে। কিন্তু বিল দেওয়ার সময় নানা অসুবিধার কথা বলা হচ্ছে। টাকার অভাবে চরম সমস্যায় পড়েছি। কেউ নির্দিষ্ট করে বলতেও পারছেন না কবে দেওয়া হবে। সোমবার ডেপুটেশন দিয়েছি। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ