সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ জমা পড়তেই পুলিস গ্রেপ্তার করে ওই যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আকাশ থাপা। পানিট্যাঙ্কির গৌরসিংজোতের বাসিন্দা সে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবক নকশালবাড়ির এক নাবালিকার সঙ্গে প্রেম করে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে তার বাড়ি থেকে সম্প্রতি তুলে নিয়ে যায়। পরে নাবালিকার সঙ্গে সে শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ। এনিয়ে নাবালিকার পরিবার রবিবার নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এদিনই পানিট্যাঙ্কিতে ওই যুবকের আত্মীয়ার বাড়ি থেকে নাবালিকাকে পুলিস উদ্ধার করে। এই ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করে পুলিস। পোকসো ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে নকশালবাড়ি থানার পুলিস জানিয়েছে। শিলিগুড়ির একটি হোমে নাবালিকাকে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিস।



