সংবাদদাতা, কাঁথি: অপহরণের অভিযোগ দায়ের হলেও পুলিস নাবালিকাকে উদ্ধার করতে পারেনি। তারই প্রতিবাদে এবং নাবালিকাকে অবিলম্বে উদ্ধারের দাবিতে রবিবার রাতে এগরা থানার সামনে বিক্ষোভ দেখালেন বাড়ির লোকজন ও স্থানীয় মহিলারা। শতাধিক মহিলা বিক্ষোভে শামিল হন। তাঁরা পুলিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। শেষ পর্যন্ত পুলিস প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবানপুর এলাকার এক দম্পতি এগরায় ভাড়াবাড়িতে থাকেন। মহিলা পরিচারিকার কাজ করেন। তাঁর স্বামীও এগরায় কাজ করেন। কয়েকদিন আগে ওই নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। অভিযোগ, স্থানীয় এক মহিলার সহযোগিতায় ওই নাবালিকা অপহৃতা হয়। তারপর ওই মহিলার বিরুদ্ধে এগরা থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানানো হয়। কিন্তু, নাবালিকাকে উদ্ধার করতে পারেনি পুলিস। তারই প্রতিবাদে মহিলারা জড়ো হয়ে থানার সামনে বিক্ষোভ দেখান। থানার আইসি অরুণকুমার খান বলেন, ওই নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে।



