নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে শনিবার জয়পুর থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুজয় দাস। গত ৪ নভেম্বর সুজয়ের বিরুদ্ধে এক ব্যক্তি তাঁর নাবালিকা মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস একটি অপহরণের মামলা রুজু করে। মুর্শিদাবাদের সালার থেকে এদিন সুজয়কে গ্রেপ্তার করা হয়। সেখান থেকেই ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। জয়পুর থানার এক আধিকারিক বলেন, ঘটনার দিন টিউশনি পড়তে যাওয়ার নাম করে ওই নাবালিকা বাড়ি থেকে বের হয়। তারপর সে বাড়ি ফেরেনি। তার বাবা থানায় অভিযোগ দায়ের করেন। আগামী সোমবার ধৃতকে পকসো আদালতে তোলা হবে।



