সংবাদদাতা, কাঁথি: এগরা থানার চিরুলিয়ার নীলগেড়িয়া এলাকার এক নাবালিকাকে অপহরণে যুক্ত থাকার অভিযোগে পুলিস অপহরণকারী যুবকের বাবাকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ষড়ানন মৈশাল। তার বাড়ি চিরুলিয়ার চকনাথ এলাকায়। বৃহস্পতিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে বিনয় মৈশাল নামে ওই যুবক। ওই নাবালিকা স্থানীয় একটি হাইস্কুলে একাদশ শ্রেণির ছাত্রী। এদিকে ঘটনার পর নাবালিকার পরিবারের লোকজন থানায় মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে অপহরণকারী যুবক ও অপহৃতা নাবালিকার হদিশ পায়নি। তারপর অপহরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিস বুধবার রাতে বিনয়ের বাবাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ষড়াননকে জিজ্ঞাসাবাদ চলছে। তাকে জেরা করে অপহৃতা নাবালিকা এবং অপহরণকারী যুবকের হদিশ পাওয়ার চেষ্টা চলছে।



