সংবাদদাতা, কাঁথি: মোবাইল ফোনে মিসড কলের মাধ্যমে স্কুলছাত্রী নাবালিকা ও যুবকের আলাপ। তারপর প্রেমে পড়ে নাবালিকা বাড়ি ছাড়ে। ওই নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল ভূপতিনগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুব্রত মান্না। বাড়ি মারিশদা থানার উত্তর রানিয়া এলাকায়। কুমীরদা বাজারে মাছের ব্যবসা রয়েছে তার।১০ডিসেম্বর ভূপতিনগরের উত্তর বিজয়নগর এলাকার বাসিন্দা ওই নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে সুব্রত। কয়েকদিন আগেই মিসড কলের মাধ্যমে তাদের পরিচয় হয়। ওই নাবালিকা স্থানীয় একটি হাইস্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। এদিকে নাবালিকা নিখোঁজ হওয়ায় তার বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে নাবালিকাকে আগেই যুবকের বাড়ি থেকে উদ্ধার করেছিল।



