Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে যৌন নিগ্রহ, ধৃত এক

নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে যৌন নিগ্রহ, ধৃত এক
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল। লিখিত অভিযোগের ভিত্তিতে হাঁসখালি থানা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিস। ধৃতের নাম ভোলা মণ্ডল ওরফে পরাজয়। তাকে রবিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। কী ঘটেছিল ঘটনাটি? ধানতলা থানার তদন্তকারীরা জানাচ্ছেন, অভিযুক্ত যুবক ওই নাবালিকার পূর্ব পরিচিত। তার বাড়ি হাঁসখালি থানার ট্যাংরাখালি এলাকায়। ঘটনাচক্রে অভিযুক্তর বাড়ির কাছাকাছি নির্যাতিতা নাবালিকার এক আত্মীয়ের বাড়ি রয়েছে। সেই সুবাদে ১৪ বছরের ওই নাবালিকার মুখ চেনা ছিল ভোলা। কিন্তু সম্প্রতি ধানতলা থানা এলাকায় ওই নাবালিকার বাড়ি খুঁজে পৌঁছে যায় অভিযুক্ত। অভিযোগ, সে ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে নির্জন একটি জায়গায় নিয়ে যায়। তারপর সেখানে যৌন নিগ্রহ করে। বাড়ি ফিরে ওই নাবালিকা কাঁদতে কাঁদতে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তাঁরা গোটা ঘটনাটি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নিকটবর্তী ধানতলা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে শনিবার গভীর রাতে হাঁসখালি থানার ট্যাংরাখালি এলাকায় ওই যুবকের বাড়িতে হানা দেয় পুলিস। গ্রেপ্তার করা হয় তাকে। এরপর রবিবার তাকে আদালতে তোলা হয়েছিল। জানা গিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। তিরিশ বছরের যুবক ভোলা পেশায় সেন্টারিং মিস্ত্রি। মাঝেমধ্যে ড্রাইভারের কাজও করে সে। বাড়িতে মা ছাড়া রয়েছে স্ত্রী এবং আট বছরের এক ছেলে।
Advertisement
সম্পর্কিত সংবাদ