সংবাদদাতা, বর্ধমান: নাবালিকাকে জোর করে সিঁদুর পরিয়ে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বর্ধমান মহিলা থানার পুলিস। ধৃতের নাম সৌভিক চন্দ্র। শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো অ্যাক্টে মামলা রুজু হয়েছে। শনিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের দু’দিন পুলিসি হেফাজত মঞ্জুর করেন পকসো আদালতের বিচারক। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। নাবালিকার বয়ান নথিভুক্ত করার জন্য সিজেএমকে নির্দেশ দিয়েছেন পকসো আদালতের বিচারক।
Advertisement
পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ পাড়ার দোকানে চপ কিনতে যায় বছর পনেরোর ওই নাবালিকা। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজখবর শুরু করেন। তাঁরা জানতে পারেন, শৌভিক নাবালিকাকে জোর করে রাস্তার পাশে গলিতে নিয়ে যায়। সেখানে তার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। এরপর তাকে বাড়িতে নিয়ে চলে যায়। বিষয়টি জানার পর নাবালিকার পরিবারের লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসেন।



