Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ

নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: বামপন্থী ছাত্র-যুব-মহিলা সংগঠনের পর এবার বিজেপি। কুমারগ্রামে ন’বছরের নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদ অব্যাহত। মঙ্গলবার বিজেপির কুমারগ্রাম-২ নম্বর মণ্ডলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করা হয়। নাবালিকা ধর্ষণ কাণ্ডে ধৃত যুবকের কঠোর শাস্তির দাবি জানান দলের নেতা-কর্মীরা। মধ্য হলদিবাড়ি থেকে কুমারগ্রামে আসে বিজেপির মিছিলটি। এরপর কুমারগ্রাম চৌপথি, বাজার সহ আশপাশের বিভিন্ন পথ ঘোরে মিছিলটি। মিছিল শেষ করে কুমারগ্রাম চৌপথিতে অবরোধ করেন বিজেপির নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাত, প্রাক্তন সাংসদ দশরথ তিরকি, মণ্ডল সভাপতি নলিত দাস সহ অন্যরা। দশরথবাবু বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা এই ঘটনাকে ধিক্কার জানাই। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আমরা ধৃতের ফাঁসি দাবি করছি। উল্লেখ্য, গত শুক্রবার কুমারগ্রাম থানা এলাকায় নয় বছরের এক নাবালিকাকে প্রতিবেশী এক যুবক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার দিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে কুমারগ্রাম থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ