Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকা প্রেমিকাকে নিয়ে পুরীতে সমুদ্রসৈকত থেকে যুবক গ্রেপ্তার

নাবালিকা প্রেমিকাকে নিয়ে পুরীতে সমুদ্রসৈকত থেকে যুবক গ্রেপ্তার
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: প্রেমিকের সঙ্গে পুরীতে পালিয়ে গিয়েও শেষরক্ষা হল না। পুরীর সমুদ্র সৈকত থেকে নাবালিকাকে উদ্ধার করল কালনা থানার পুলিস। প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম কিশোর মালিক। বাড়ি কালনা জিউধারা। ধৃতকে শনিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, কালনা থানার সাতগাছিয়ার বছর সতেরোর দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী গত ১২নভেম্বর থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন আত্মীয় পরিজনের বাড়িতে খোঁজ করেও মেয়ের সন্ধান পাননি। এরপর কালনা থানায় মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিস মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিস জানতে পারে, জিউধারা এলাকার ওই যুবক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়েছে। পুলিস তাদের মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে। তারা ওড়িশার পুরীতে রয়েছে বলে জানা যায়। এরপরই ২২নভেম্বর কালনা থানার পুলিসের টিম পুরী পৌঁছয়। মোবাইলের লোকেশন ধরে তল্লাশি চলে। পুরীর সমুদ্র সৈকতে দু’জনকে একসঙ্গে দেখতে পায় পুলিস। প্রেমিককে গ্রেপ্তার করা হয়। নাবালিকাকে উদ্ধার করে শুক্রবার রাতে কালনায় নিয়ে আসা হয়। কালনা শহরের নিখোঁজ আর এক নাবালিকাকেও শুক্রবার উদ্ধার করেছে পুলিস। কালনা মহকুমাজুড়ে একের পর এক নাবালিকা পালিয়ে যাওয়ার ঘটনা বাড়ছে। স্কুল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন, নানাভাবে সচেতনতার প্রচার করা সত্ত্বেও শহর ও শহরতলিতে একের পর এক নাবালিকা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এতে উদ্বিগ্ন পুলিস-প্রশাসন থেকে অভিভাবকরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ