সংবাদদাতা, কাঁথি: নাবালিকা বধূকে হত্যার অভিযোগে ভগবানপুর থানার পুলিস তার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করল। ধৃত শুভাশিস মাজি, শ্রীমন্ত মাজি ও রিক্তা মাজির বাড়ি ভগবানপুরের মহম্মদপুরে। তাদের বিরুদ্ধে বধূনির্যাতন ও হত্যার মামলা রুজু হয়েছে। শুভাশিসের বিরুদ্ধে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট ও পকসো অ্যাক্টে মামলা দায়ের হয়েছে। বিচারক তদন্তের স্বার্থে শুভাশিস ও তাঁর বাবা শ্রীমন্ত মাজির পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। মৃতার শাশুড়িকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শুভাশিস চারমাস আগে হলদিয়ার মহিষাদলের এক নাবালিকাকে ভালোবেসে বিয়ে করে। তখন মেয়েটির বয়স ছিল ১৬বছর। তিনমাস আগে পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়িতে ওই নাবালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর নাবালিকার বাবা ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবি সহ নানা অজুহাতে তাঁর মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে পরিকল্পনা করে হত্যা করেছে।



