সংবাদদাতা, লালবাগ: বাউলের মেঠো সুর আর কবিয়ালের লড়াইয়ের মধ্য দিয়ে মঙ্গলবার নবগ্রামে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। নবগ্রামের বিভিন্ন অঞ্চলের বিশেষভাবে সক্ষমদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন নবগ্রাম হ্যান্ডিক্যাপ সোসাইটির সদস্যরা। এদিন নাচ, গান, আবৃত্তির পাশাপাশি এলাকার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে পাত পেড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এসবের মধ্যেই প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের একাধিক সদস্য। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, নবগ্রাম হাসপাতালের চিকিৎসক মোস্তাফিজুর রহমান। নবগ্রাম হ্যান্ডিক্যাপ সোসাইটির সভাপতি উম্বে কুলসুম বেগম প্রমুখ।



