সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা পরিচালিত সকার কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নবদ্বীপ মিলন সঙ্ঘ জয়ী হল। শুক্রবার দুপুরে পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে তারা ২-০ গোলের ব্যবধানে নবদ্বীপেরই স্বাধীন ভারত ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। কোয়ার্টার ফাইনালে তারা সেবক সমিতির মুখোমুখি হবে। এদিন কোনও দলেই বিদেশি খেলোয়াড় খেলতে দেখা যায়নি। প্রথমার্ধে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনও দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকেই বিপক্ষের রক্ষণে ঝাঁপিয়ে পড়ে মিলন সঙ্ঘ। পাঁচ মিনিটের মাথায় মনোতোষ দেবনাথের গোলে তারা এগিয়ে যায়। এরপর মিলন সঙ্ঘের সত্য বক্সি আরও একটি গোল করেন।



