Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নম্বরহীন গাড়ির মাথায় নীলবাতি লাগিয়ে দাপাচ্ছেন ‘নকশাল ওসি’, বিতর্ক

থানার ওসি’র গাড়িতে নীলবাতি! সেই গাড়ি নিয়ে নকশালবাড়ির অলিগলিতে ছুটছেন ওসি। যা নিয়ে পুলিস মহলেই সমালোচনা তুঙ্গে।

নম্বরহীন গাড়ির মাথায় নীলবাতি লাগিয়ে দাপাচ্ছেন ‘নকশাল ওসি’, বিতর্ক
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অপু রায়, নকশালবাড়ি: থানার ওসি’র গাড়িতে নীলবাতি! সেই গাড়ি নিয়ে নকশালবাড়ির অলিগলিতে ছুটছেন ওসি। যা নিয়ে পুলিস মহলেই সমালোচনা তুঙ্গে। আর সেই নতুন গাড়ি ‘উপহার’ দিয়েছেন থানারই এক সিভিক ভলান্টিয়ার। 

Advertisement

প্রসঙ্গত, সপ্তাহ দু’য়েক আগে নকশালবাড়ি থানার ওসি’র দায়িত্ব নিয়েছেন এসআই মর্যাদার আধিকারিক পুলক রায়। থানায় দু’টি কিউআরটি ভ্যান রয়েছে। আগের ওসি যেতেই ভাড়া নেওয়া গাড়ি তুলে নেওয়া হয়। আর এতেই থানায় কাজে জয়েন করে বিপাকে পড়েন সদ্য দায়িত্ব নেওয়া ওসি পুলকবাবু। তিনি গাড়ির জন্য সরাসরি আর্জি জানান দার্জিলিংয়ের পুলিস সুপারকে। দিন কয়েক আগে এসপি’র নির্দেশে একটি অতিরিক্ত গাড়ি পেয়েছে নকশালবাড়ি থানা। তবে সেই গাড়িটি অনেক পুরনো। যা ওসি’র ‘পছন্দ’ নয়। 
ওসি’র না পছন্দের বিষয়টি নিয়ে থানায় আলোচনা হয়। যা কানে যায় এক সিভিকের। ওই সিভিক শোরুম থেকে নতুন একটি গাড়ি এনে থানায় রাখেন। যা পছন্দ হয় ওসি’র। এখন সেই গাড়িতেই নীলবাতি লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন নকশালবাড়ি থানার ওসি। গাড়িতে কালো কাচ লাগিয়ে দেওয়া হয়েছে। গাড়িতে ইংরেজিতে লেখা হয়েছে ‘নকশাল ওসি’। থানার পুরো নাম নকশালবাড়ি। অথচ বোর্ডে লেখা নকশাল। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। থানারই কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ওসি কী নীলবাতি গাড়িতে চড়তে পারেন! 
ওসি অবশ্য চুপ। কোনও কথাই বলতে চাননি তিনি। শিলিগুড়ির মহকুমা শাসক অবধ সিংহলের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে বলেন, থানার ওসি’র গাড়িতে নীল বাতি লাগানো যায় কি না তা নিয়ে জেলার এসপি কিংবা এসডিপিও বলতে পারবেন।
 এনিয়ে আমার বলার কিছু নেই। দার্জিলিংয়ের এসপি প্রবীণ প্রকাশ পাহাড়ে ছিলেন। তাঁকে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও উত্তর আসেনি। অতিরিক্ত পুলিস সুপার অভিষেক রায় বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে তাড়িতাড়ি কোথাও পৌঁছনোর জন্য অনেক সময় নীলবাতি লাগিয়ে নেওয়া হয়। 
তবে গাড়িতে ওসি’র নীলবাতি লাগানোর অধিকার নেই। বিষয়টি আমার জানা নেই। আমি ওসি’র সঙ্গে কথা বলব। এমনটা থাকলে ওঁকে বলব বাতি খুলে রাখতে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ