কো-অর্ডিনেটর শব্দের বিকল্প খুঁজছে নবান্ন ‘পুর পরিষেবা স্বাভাবিক রাখা‌ই লক্ষ্য’
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিসেম্বর মাস শুরু হতে আর সাত দিনও বাকি নেই। কলকাতা পুরসভা এলাকায় কবে থেকে এবং কারা কো-অর্ডিনেটর পদে বসবেন, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠে এসেছে, পুর-পরিষেবা অক্ষুন্ন রাখতে ‘কো-অর্ডিনেটর’ শব্দটা ব্যবহৃত হবে, না কি নতুন কোনো নাম আসবে? প্রাক্তন কাউন্সিলরদের মধ্যে কেউ কি আদৌ কো-অর্ডিনেটর হবেন? বস্তুত, কলকাতা পুরসভা এলাকার সব ওয়ার্ডে নাগরিক পরিষেবা সচল রাখতে ১ ডিসেম্বর থেকে কো-অর্ডিনেটর বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের এই দৃষ্টিভঙ্গির কথা সর্বপ্রথম জানান। ওয়ার্ডের পুর্নবিন্যাস নিয়ে যখন রাজনৈতিক চর্চা তুঙ্গে, তখন কো-অর্ডিনেটর বসানোর ঘোষণাকে কেন্দ্র করে আলোচনার পরিধি আরও বেড়েছে। আগের ১৪৪টি ওয়ার্ডে না কি নবগঠিত ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর বসানো হবে, সেই কৌতুহল রয়েছে রাজনীতির কারবারিদের মধ্যে। আইন ও সংবিধানের বাইরে গিয়ে এভাবে কো-অর্ডিনেটর বসানো যায় কি না, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সিপিএম। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সরকারের তরফে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। কো-অর্ডিনেটর শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করা হবে কি না, সেটাও প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে। মঙ্গলবার হাওড়ার একটি অনুষ্ঠান প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, মানুষকে পরিষেবা দিতে যা করণীয়, তাই করব। কো-অর্ডিনেটরের কথা বলছি না। আর যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দেয়,তাহলে ভোট করিয়ে দেব। না হলে, মানুষকে পুর-পরিষেবা দিতে আইনগতভাবে সিদ্ধান্ত নেব।

Advertisement

তাছাড়া বিজেপির লোকজনকেই কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হবে, এমন কথা শাসক দলের তরফে জানানো হয়েছিল। ঠিক এই প্রেক্ষাপটেই বিরোধীরা প্রশ্ন তুলেছে, যদি প্রাক্তন কোনো কাউন্সিলরকে ওই পদে বসানো হয় তাহলে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে অনেক সুবিধা হবে। কারণ প্রাক্তন কাউন্সিলরের ওয়ার্ড সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে। মমতা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, বিজেপির মণ্ডল সভাপতি যদি কোনো ওয়ার্ডের কো-অর্ডিনেটর হন, তাহলে বলার কিছু নেই। আসলে ওরা পিছনের দরজা দিয়ে পুরসভা দখল করতে চাইছে। আগে ১৪৪ না ২০৯ ওয়ার্ড হবে, সেটা স্পষ্ট হোক, তারপর কো-অর্ডিনেটরের প্রসঙ্গ আসবে। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর দেবাশিস কুমার বলেন, সংবাদমাধ্যমে দেখেছি কো-অর্ডিনেটর পদে বিজেপির লোক বসানো হবে। তাহলে আমাদের আর কী বলার আছে! প্রসঙ্গত, এর আগে  করোনার সময় পুর পরিষেবা সচল রাখতে প্রাক্তন কাউন্সিলরদের কো-অর্ডিনেটর করা হয়েছিল। মেয়রকে করা হয়েছিল চেয়ারম্যান।