Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপ: রাসে গৌর বিষ্ণুপ্রিয়া পুজোর থিম এবার ভৌতিক রাজমহল

নবদ্বীপের রাস উৎসবে এবার অন্যতম থিমভাবনা দেখা যাবে মালঞ্চপাড়ার আচার্যপাড়া লেনের গৌর বিষ্ণুপ্রিয়া পুজোয়।

নবদ্বীপ: রাসে গৌর বিষ্ণুপ্রিয়া পুজোর থিম এবার ভৌতিক রাজমহল
  • ২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের রাস উৎসবে এবার অন্যতম থিমভাবনা দেখা যাবে মালঞ্চপাড়ার আচার্যপাড়া লেনের গৌর বিষ্ণুপ্রিয়া পুজোয়। গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটের কাছেই এই পুজোমণ্ডপ। এবছরের থিম ‘পৌরাণিক ভৌতিক রাজমহল’। পাঁচকাঠা জায়গাজুড়ে এই গা ছমছমে থিম তৈরি হচ্ছে। 

Advertisement

পুজো উদ্যোক্তারা জানান, আলো-আঁধারি পরিবেশ ও আবহসঙ্গীতের মাধ্যমে ভৌতিক রাজপ্রাসাদের দৃশ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। থিমের কাহিনী হল, রাজমহলে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজা সহ রাজপরিবারের সমস্ত সদস্য পুড়ে মারা যান। সেই রাজমহলে পরিবারের লোকজন ভূত হয়ে বাস করছেন। পূর্ব বর্ধমান জেলার মেমারির দুই মহিলা সহ ছ’জন কলাকুশলী অভিনয়ের মাধ্যমে ভুতুড়ে কাণ্ডকারখানা তুলে ধরবেন। 
এবছর ৩-৯নভেম্বর সাতদিন এই মণ্ডপ থাকবে। সেইসঙ্গে রাসমেলা আয়োজিত হবে। গৌর বিষ্ণুপ্রিয়া সংঘের সম্পাদক শ্যামল দেবনাথ বলেন, একসময় আমরা গৌর বিষ্ণুপ্রিয়ার বড় মূর্তি পুজো করতাম। পুজোর পরদিন সেই মূর্তি আড়ং অর্থাৎ শোভাযাত্রায় বের হতো। তবে আড়ংয়ে অনেক প্রতিমা বের হওয়ায় অসুবিধা হতো। সেজন্য আমরা থিমপুজো করার পরিকল্পনা নিই। প্রায় ১০বছর ধরে আমরা থিমপুজো করছি।
পুজো কমিটির সভাপতি কৃষ্ণগোপাল দেবনাথ বলেন, কমিটির দুই সদস্য পিন্টু চক্রবর্তী ও অজয় দেবনাথের পরিকল্পনাতেই এমন থিম হচ্ছে। কমিটির সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, এখানে বিষ্ণুপ্রিয়াদেবীর জন্মভিটা দেখতে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ভক্ত আসেন। তাঁরাও এই থিমপুজো দেখতে ভিড় জমান।
৩নভেম্বর সোমবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন করবেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। সেখানে পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা, স্থানীয় কাউন্সিলার বৃন্দাবন মণ্ডল সহ অন্যরা উপস্থিত থাকবেন। ওইদিন পুজো কমিটির তরফে দুঃস্থদের শীতবস্ত্র দেওয়া হবে। বিষ্ণুপ্রিয়াদেবীর জন্মভিটের মূল প্রবেশদ্বার সংস্কার হয়েছে। সেই প্রবেশদ্বারও ওইদিন উদ্বোধন করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ