নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৯-২০ সেপ্টেম্বর মুম্বইতে ৩৭তম জাতীয় স্টিল কনফারেন্স। ‘বম্বে এগজিবিশন সেন্টারে’ এই সম্মেলন হতে চলেছে। ‘একটি শিল্প, একটি গন্তব্য’, এই প্রেক্ষাপটের উপর গোটা বিষয়টি সাজানো হয়েছে। ‘ইস্পাত শিল্পে মহাকুম্ভ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে সম্মেলনটিকে। সাড়ে তিন হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন। ডিকার্বনাইজেশন, হাইড্রোজেন ভিত্তিক ইস্পাত তৈরি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, কাঁচামালের সুরক্ষা, অর্থনৈতিক মডেল, বিশ্বব্যাপী বাণিজ্যিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে সেখানে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতের বৈচিত্র্যময় ভৌগোলিক পরিবেশ এবং জলবায়ু পরিস্থিতির বিষয়টি তুলে ধরেন এআইআইএফএ সাসটেনেবল স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি যোগেশ মানধানি। তিনি জানান, মজবুত ইস্পাত উৎপাদনের বিশ্বমানের কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে ভারত। এআইআইএফএ সাসটেনেবল স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল কমল আগরওয়াল স্ক্র্যাপ ক্রয়বিক্রয়ে জিএসটির বিষয়টিও তুলে ধরেন।



