ওয়াশিংটন, ১০ জানুয়ারি: গত ২৫ বছরে এমন ঘটনা নজিরবিহীন! আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) মেডিকেল এমার্জেন্সি। যে কারণে চার মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে বলে আগে ঘোষণা করেছিল নাসা। আজ, শনিবার ঘোষণা করা হল দিনক্ষণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার পৃথিবীতে ফিরবেন নভশ্চররা।
এদিন নাসার তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি বিকেল ৫টার পরে (মার্কিন ইস্টার্ন টাইম বা ইটি অনুযায়ী) মোতাবেক আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আনডকিং করবেন মহাকাশচারীরা এবং ১৫ তারিখ ভোরে ক্যালিফোর্নিয়া উপকূলে স্প্ল্যাশডাউনের লক্ষ্য নেওয়া হয়েছে। যদিও সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপরে।
গত বছরের আগস্টে স্পেসএক্সের মহাকাশযানে আইএসএসে গিয়েছিলেন আমেরিকার দু’জন, জাপানের একজন ও রাশিয়ার একজন মহাকাশচারী। আগামী মার্চে তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু নাসা জানিয়েছে, ওই চারজনের মধ্যে একজন সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছেন। তাই সময়ের আগেই চার নভশ্চরকে পৃথিবীকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত।