বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড়োসড়ো সাফল্য পেল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। মঙ্গলবার অসম ও ত্রিপুরায় একাধিক অভিযানে চারটি ট্রাক থেকে মোট ২৩১.৮ কেজি মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, অসমের রামনাথপুরে দু’টি ট্রাক থেকে ১০৯.২ কেজি এবং ত্রিপুরার তেলিয়ামুড়া থেকে ৭২.৬ কেজি ও পানিসাগরের থেকে ৫০ কেজি মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য কয়েকশো কোটি টাকা। এর মধ্যে শুধু অসমে উদ্ধার হওয়া মাদকেরই বাজারমূল্য ৩২৭ কোটি টাকা।



