নয়াদিল্লি: প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের ‘অপ্রকাশিত’ বই নিয়ে তরজা নতুন উচ্চতায় পৌঁছাল। সোশ্যাল মিডিয়া সহ একাধিক প্ল্যাটফর্মে বইটির ‘সফট কপি’ বা ‘পিডিএফ ফাইল’ ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় বুধবার বইটির প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়াকে নোটিস পাঠাল দিল্লি পুলিশের স্পেশাল সেল। সূত্রের খবর, নারাভানের লেখা ‘ফোর স্টারস অব ডেস্টিনি’র পাণ্ডুলিপি কীভাবে সমাজমাধ্যমে পৌঁছাল, তা জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যে বইয়ের বক্তব্য তুলে ধরে সংসদে বিতর্কের ঝড় বইয়ে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মূল বিতর্ক বইটি প্রকাশ হয়েছে কি হয়নি, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। রাহুল দাবি করেছেন, নারাভানেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে বইটি বাজারে পাওয়া যাচ্ছে। তবে প্রকাশক সংস্থা জানিয়েছে, মুদ্রণ বা ডিজিটাল কোনো মাধ্যমেই বইটি এখনও প্রকাশিত হয়নি। স্পেশাল সেলের প্রশ্ন, তাহলে বইটি বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে কীভাবে? দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, ‘পেঙ্গুইন ইন্ডিয়াকে নোটিস দেওয়া হয়েছে। বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে। দ্রুত উত্তর দিতে হবে সংস্থাকে।’ ইতিমধ্যে বইয়ের খসড়া ফাঁস নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকাশক সংস্থাকে সেই তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। পাণ্ডুলিপির ফাঁস নিয়ে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে সংস্থাকেই।



