নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাখে হরি মারে কে! সন্তোষ ট্রফিতে বাংলাকে উতরে দিলেন নরহরি শ্রেষ্ঠা। ম্যাচের সংযোজিত সময়ে তাঁর দুরন্ত গোলে উত্তরাখণ্ডকে বশ মানাল বাংলা। প্রতিপক্ষ বক্সে বল রিসিভ করে চকিত হাফ টার্নে জাল কাঁপান নরহরি (১-০)। গ্রুপ লিগে দু’টি ম্যাচে বাংলার পয়েন্ট এখন ৬। রবিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবে সঞ্জয় সেনের দল।
নাগাল্যান্ডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে সন্তোষ অভিযান শুরু করেছিলেন সায়নরা। অনেকেরই ধারণা ছিল, উত্তরাখণ্ডকে হারাতেও বেগ পেতে হবে না। তবে টাফ ফুটবলে রীতিমতো টক্কর দিল প্রতিপক্ষ। কোচ যতীন সিং বিস্ত বুদ্ধি করে দুই উইং হাফকেও ব্লক করলেন। তাদের বল তাড়া করার স্ট্র্যাটেজি অনেকটাই সফল। স্বাভাবিক পাসিং ফুটবলের ছন্দ খুঁজে পায়নি বাংলা। বাধ্য হয়ে দ্বিতীয়ার্ধে একাধিক বদল আনেন সঞ্জয়। অভিজ্ঞ নরহরি নামার পর চাপ আরও বাড়ে। শেষ পর্যন্ত ৩ পয়েন্ট আসায় ঘাম দিয়ে জ্বর ছাড়ল। কোচ সঞ্জয় সেনের মন্তব্য, ‘জয়ের অভ্যাস ধরে রাখাই আসল। আরও সতর্ক থাকতে হবে। অজানা প্রতিপক্ষ সবসময় ভয়ঙ্কর।’
নরহরির পিঠে আকিব।