পেনাল্টি সেভ বিশালের, অকল্যান্ডে বিধ্বস্ত ব্লু টাইগার্স, ভারতকে নিয়ে ছেলেখেলা নিউজিল্যান্ডের
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউজিল্যান্ড-৫                :               ভারত-০

Advertisement

অকল্যান্ড: ‘কাম অন ইন্ডিয়া। লেটস ফুটবল।’ প্রচারে ঝড় তুলে শুরু হয়েছিল আইএসএল। কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট। ফুটবলারদের বেতন আকাশছোঁয়া। এজেন্টদের আঙুল ফুলে কলাগাছ। এরপর একযুগের বেশি অতিক্রান্ত। ভারতীয় ফুটবল কতটা লাভবান হয়েছে? এগিয়ে চলা তো দূর অস্ত, ভারতের ফিফা র‌্যাংকিং এখন ১৩৮। খালিদ-ব্রিগেডের করুণ দশা আরও একবার দেখিয়ে দিল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার অকল্যান্ডে আয়োজিত ফিফা ফ্রেন্ডলিতে ৫-০ গোলে জিতল কিউয়িরা। ব্লু টাইগার্সের ল্যাজ মুচড়ে বিড়াল বানানোর ম্যাচে কিছুটা হলেও লড়লেন বিশাল কাইথ। পেনাল্টি সেভ ছাড়াও অন্তত পাঁচটি সিটার বাঁচান মোহন বাগান গোলরক্ষক। অন্যথায় লজ্জা আরও বাড়ত। ম্যাচ দেখে মাথা হেঁট প্রাক্তনদের। ১৯৮১ সালে মারডেকায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। মাঝমাঠে অসাধারণ খেলেছিলেন প্রশান্ত ব্যানার্জি। এদিন প্রাক্তন ফুটবলারের আপশোস, ‘ওরা এগিয়েছে। আমরা পিছিয়েছি। আসলে সেই সদিচ্ছাই দেখাতে পারেনি ফেডারেশন।’ ১৯৮২ এশিয়াডে ভারতের অধিনায়ক ভাস্কর গাঙ্গুলির মন্তব্য, ‘ভারতীয় ফুটবলকে শেষ করেছে আইএসএল। তা আবার প্রমাণিত।’
মাসখানেক আগে ফুটবলের মক্কায় ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলেছিল খালিদ ব্রিগেড। ম্যাচ আয়োজেনর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিলই। তবু শিবরাত্রির সলতের মতো অনেকে আশা করেছিলেন, অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে ভারত। কিন্তু কোথায় কী! এদিন কার্যত আত্মসমর্পণ করল খালিদ ব্রিগেড। আনোয়ারহীন রক্ষণ এক্কেবারে তাসের ঘর। বিজয় ভার্গিস, পরমবীররা পরের পর ভুল করলেন। ছন্নছাড়া রক্ষণ, অগোছালো মাঝমাঠ নিয়ে লড়াই অসম্ভব। তার উপর খালিদের লং বল স্ট্র্যাটেজি বোঝে কার সাধ্য? উইংয়ে জেসি র‌্যান্ডাল একাই রোলার চালালেন। তাঁকে রোখার কোনও পরিকল্পনা ছিল না খালিদের। মিডফিল্ডে ব্লকিং শূন্য। বিপক্ষের আক্রমণ আছড়ে পড়ল প্রতি মুহূর্তে। প্রথমার্ধেই ৩-০ ব্যবধান গড়ে ফেলে কিউয়িরা। শুরুতেই বিজয় ভার্গিসের আত্মঘাতী গোল। এরপর বিরতির আগে পরপর জাল কাঁপান সেই র‌্যান্ডাল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭ মিনিটে লক্ষভেদে ক্রিস উডের। এরপর ৭৪ মিনিটে জোরালো ভলিতে বিশালকে হার মানান বেইলিস। এর মিনিট চারেক পরেই বিল তুলিওমার স্পটকিক শরীর ছুড়ে রুখে দেন বিশাল। না হলে হাফ ডজন গোল নিশ্চিত ছিল। আগামী রবিবার ক্রাইস্টচার্চে ফের মুখোমুখি হবে দুই দেশ।
ভারত: বিশাল, অভিষেক (জয়), পরমবীর (হামতে), বিজয় (মেহতাব), আকাশ, অনিরুদ্ধ (তোম্বা), মনবীর (ডেভিড), রায়ান, জিতিন (মহঃ সুহেল), লিস্টন (সানান) ও ফানাই (রিকি)।