নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে পিছিয়ে গেল ইস্ট বেঙ্গলের ম্যাচ। আগামী ২১ ডিসেম্বর কলকাতায় লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ ছিল নর্থ ইস্ট ইউনাইটেড। কিন্তু তা বদলে নতুন বছরের ১২ জানুয়ারি এই ম্যাচ হবে। কিক-অফের সময় বিকেল ৫টা। কিন্তু হঠাৎ পরিবর্তন কেন? সূত্রের খবর, ১৯ জানুয়ারি বিকেলে যুবভারতীতে দিলজিৎ দোসাঞ্জের মেগা শো। গ্ল্যামার, বৈভবের ছড়াছড়ি। অরা ওয়ার্ল্ড টুরের অংশ হিসাবে ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠান করবেন তিনি। কলকাতায় বিকেল চারটেয় শুরু অনুষ্ঠান। ইতিমধ্যেই নির্দিষ্ট অ্যাপে টিকিট বিক্রিও চলছে জোরকদমে। ম্যারাথন কয়েক ঘণ্টার মিউজিক শো ঘিরে জোর প্রস্তুতি শুরু। কিন্তু এত বড়ো অনুষ্ঠানের ৪৮ ঘণ্টার মধ্যে ফুটবল ম্যাচ আয়োজন অসম্ভব। তাই ইস্ট বেঙ্গলের খেলা পিছিয়ে দেওয়া ছাড়া উপায় নেই। মোদ্দা কথা, জলসার জন্য ফুটবলের মক্কায় ব্রাত্য ফুটবল। এই প্রসঙ্গে প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মন্তব্য, ‘এদেশের ফুটবলে এটাই বাস্তব। মাঠের কী দশা হতে পারে তা ভেবেই শিউরে উঠছি। অবশ্য এসব নিয়েই বা কে ভাবে! এদেশে ফুটবল খেলাই দুর্ভাগ্যের।’ উল্লেখ্য, পুজোর আগে ঘটা করে ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচ অনুষ্ঠিত হয় যুবভারতীতে। বর্ষায় ঘাসের অবস্থা দেখে একেবারেই খুশি ছিলেন না ব্রাজিল ফুটবল সংস্থার কর্তারা। ভিনিসিয়াসরা কলকাতার আসার আগে প্রায় মাসখানেক মাটি কামড়ে পড়ে ছিলেন এক মাঠ বিশেষজ্ঞ। বহু যত্নে, কাঠখড় পুড়িয়ে আন্তর্জাতিক মানের টার্ফ তৈরি হয়। এই জলসায় মাঠের ক্ষতি হবে না তো? প্রশ্ন প্রাক্তনীদের।
এদিকে, আইএসএলে আরও কয়েকটি ম্যাচের সময়ও বদলানো হয়েছে। ৩০ নভেম্বর নর্থ ইস্ট বনাম পাঞ্জাব ম্যাচের কিক অফ ছিল সন্ধ্যা সাড়ে সাতটায়। ওই ম্যাচ হবে বিকেল পাঁচটায়। একইদিনে মুম্বই বনাম চেন্নাই ম্যাচ ছিল বিকেলে। তা পিছিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় হবে।



