বে ওভাল: সিরিজের ফয়সালা এখনও হয়নি। বাকি দু’টি ম্যাচে ভাগ্য নির্ধারণ। তা নিয়ে কি সত্যিই মাথাব্যথা রয়েছে ভারত ও নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্টের? প্রশ্ন ওঠার পিছনে রয়েছে যথেষ্ট কারণ। সিরিজের মাঝপথেই দুই দলের একাধিক তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে, টেস্টের প্রস্তুতির জন্য। ১৯ নভেম্বর শুরু প্রথম টেস্ট। শুভমান গিল, লোকেশ রাহুল, অংশুল কম্বোজ শেষ দু’টি ওডিআই খেলবেন না। সেই সময় তাঁরা ব্যস্ত থাকবেন লাল বলের মহড়ায়। পিছিয়ে নেই নিউজল্যান্ডও। তারাও একঝাঁক ক্রিকেটারকে রিলিজ দিয়েছে। মোদ্দা কথা, এই ধরনের সূচি তৈরি কতটা গ্রহণযোগ্য? ভবিষ্যতে দুই দেশের ক্রিকেট বোর্ডের অবশ্যই এই ব্যাপারে আরও সতর্ক থাকা উচিত।
ফেরা যাক চতুর্থ ম্যাচের প্রিভিউতে। তিনটি ম্যাচের মধ্যে প্রথম দু’টিতে জিতে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া। গত ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ফলে বাকি দু’টি ম্যাচের একটি জিতলেই সিরিজ নিশ্চিত করবে মেন ইন ব্লু। সিরিজ হারার কোনও চাপ নেই। খুব খারাপ হলে ড্র হতে পারে। এই অংকে আয়োজক দেশ কোণঠাসা। সিরিজ বাঁচানোর লড়াই ব্ল্যাক ক্যাপদের। তার জন্য যে উদ্দীপনা ও উৎসাহ প্রয়োজন, সেটা উধাও। তবে হারা দল অনেক সময় পরিবর্তনের পথে হাঁটতে ভালোবাসে। সেদিক থেকে নিউজিল্যান্ডের প্রথম এগারোতে ব্যাপক রদবদল হলেও চমকের কিছুই নেই। বরং সুবিধাজনক অবস্থায় থাকা সত্ত্বেও কোচ গম্ভীরের আচমকা গিল, লোকেশ, কম্বোজদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বিস্মিত করার মতোই। ম্যাচ হারলে এই ব্যাপারটা চর্চায় আসবে।
গিল না থাকায় বাকি দু’টি একদিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। তাঁর কাছে সত্যিই এক নতুন চ্যালেঞ্জ। সেই সঙ্গে ওপেনিং জুটিতেও পরিবর্তন হবে। খুব সম্ভবত বেঞ্চে বসা ঈশান কিষান ওপেন করবেন রোহিত শর্মার সঙ্গে। তিনে বিরাট কোহলি। চারে শ্রেয়স আয়ার। পাঁচে লড়াইটা ঋতুরাজ গায়াকোয়াড়ের সঙ্গে তিলক ভার্মার। গত সিরিজেও ঋতুরাজ খেলেছিলেন। সেই কারণে তাঁর পাল্লা ভারি। তবে তিলকও ফর্মে। তাই একেবারেই তাঁর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বে ওভালে ঝলমলে পরিবেশ। পিচেও রান আছে। ব্যাটাররা সুবিধা পেতে পারেন। গত তিনটি ম্যাচে ভারত চার পেসার খেলিয়েছিল। সেই সিদ্ধান্ত কি বদলাবেন কোচ গম্ভীর? অতিরিক্ত স্পিনার খেলালে কুলদীপ সুযোগ পেতে পারেন। না হলে কম্বোজের পরিবর্ত হিসাবে ঢুকবেন মহম্মদ সিরাজ। এছাড়া গুরনুর ব্রা, অর্শদীপ সিং আছেন। তাঁর সঙ্গে আকিব নবিকেও খেলানো হতে পারে। লোয়ার মিডলে ভারতের বড় ভরসা অলরাউন্ডার নমন ধীর এবং অক্ষর প্যাটেল।
রেকর্ড বলছে, গত সাত বছরে ঘরের মাঠে ওডিআই সিরিজ হারেনি নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই প্রবল চাপে কিউয়ি ব্রিগেড। তবে ওয়ান ডে ফরম্যাটে নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল। যতই লাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসদের মতো ব্যাটার না থাকুক, ঘুরে দাঁড়াতে মরিয়া হোমটিম। কারণ, তাদের কাছে হারানোর কিছু নেই।



