ম্যাঞ্চেস্টার: অবশেষে কোচের পদ থেকে মাইকেল ক্যারিককে বরখাস্ত করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাঁর প্রশিক্ষণে একেবারেই ছন্দে নেই ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট পেয়ে অষ্টাদশ স্থানে রয়েছে তারা। সদস্য-সমর্থকরা বেশ কিছুদিন ধরেই তাঁর পদত্যাগ চাইছিলেন। পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রশিক্ষণে ৩২টি ম্যাচ খেলেছে ম্যান ইউ। জয় মাত্র ১৫টিতে। হার ও ড্রয়ের সংখ্যা যথাক্রমে ৯ ও ৮। এবার তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন মরিসিও পোচেত্তিনো। আর্জেন্তাইন এই কোচ অতীতে টটেনহ্যাম হটস্পার ও চেলসিকে প্রশিক্ষণ দিয়েছেন। গত বিশ্বকাপে আমেরিকার কোচ ছিলেন তিনি। সবচেয়ে বড়ো কথা, ২০১৬ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন, ‘ম্যান ইউয়ের দায়িত্ব নেওয়ার জন্য পোচেত্তিনোই সর্বোত্তম।’
বৃহস্পতিবার দুপুরে এক রুদ্ধদ্বার বৈঠকের পর মাইকেল ক্যারিককে বরখাস্ত করার কথা ঘোষণা করা হয়। অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ প্রকাশ্যে কোচের সমালোচনা করার পর নড়েচড়ে বসেন কর্তারা। তবে ঘনিষ্ঠমহলে ক্যারিক জানিয়েছেন, ‘আমার পরামর্শ অনুযায়ী দলগঠন হয়নি। একাধিক ফুটবলারকে চেয়েও পাইনি। তবে কোচ হিসাবে ব্যর্থতার দায় তো নিতেই হবে।’ শোনা যাচ্ছে, ম্যান ইউয়ের মালিক র্যাটক্লিফরা বেশি অর্থ খরচ করে ফুটবলার নিতে নারাজ। আর তাই সাদামাটা পারফরম্যান্সেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সমর্থকদের। উল্লেখ্য, গত ৫ বছরে ৮ জন কোচকে বরখাস্ত করল ম্যান ইউ।



