কিউয়ি মুলুকে ফিট পন্থ
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফিটনেস নিয়ে যাবতীয় সংশয়ের অবসান। নিউজিল্যান্ড উড়ে গেলেন ‘ফিট’ ঋষভ পন্থ। বৃহস্পতিবার ভোরে কিউয়িদের দেশের উড়ান ধরলেন তিনি। শুক্রবার ওয়েলিংটনে ভারতীয় টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন তারকা উইকেটরক্ষক। ১৯ নভেম্বর শুরু দু’টেস্টের সিরিজ। তার আগে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই বড়ো চ্যালেঞ্জ।

Advertisement

শ্রীনগরে ১-৪ অক্টোবর ইরানি কাপের খেলা চলার সময় পেশিতে চোট পেয়েছিলেন পন্থ। তারপর থেকেই বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব চলছিল তাঁর। সেই সময়ই ভারতের টেস্ট স্কোয়াডে নির্বাচিত হন তিনি। একইসঙ্গে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে চারদিনের তিনটি বেসরকারি টেস্টের দলেও তাঁকে রাখা হয়। তবে তাতে অংশ নেওয়া ছিল ফিটনেসের উপর নির্ভরশীল। ফিট না হওয়ায় ভারত ‘এ’র প্রথম দু’টি বেসরকারি টেস্টে তিনি খেলেননি। তখন ঠিক হয় ৭ নভেম্বর সিরিজের তৃতীয় বেসরকারি টেস্টে পন্থ খেলবেন। কিন্তু সেটাও হয়নি। বোর্ডের মেডিকেল টিম তাঁকে আরও কিছুদিন সেন্টার অব এক্সেলেন্সে থাকতে বলে। আসলে পন্থের ফিটনেস নিয়ে নিঃসংশয় হতে চাইছিল তারা।
২৯ বছর বয়সি নিউজিল্যান্ডে উড়ে যাওয়ার মানে একটাই। তিনি এখন সম্পূর্ণ ফিট। তবে তাঁকে প্রথম টেস্টে খেলানো হবে কিনা তা নিয়ে জল্পনা নানা মহলে। কারণ, স্কোয়াডে থাকা দ্বিতীয় কিপার ধ্রুব জুরেল ‘এ’ দলের হয়ে তিনটি বেসরকারি টেস্টে খেলে কন্ডিশনের সঙ্গে অনেকটাই সড়গড় হয়ে উঠেছেন।