সংবাদদাতা, বোলপুর: বৃহস্পতিবার নানুর ব্লকের থুপসড়ার বাসাপাড়া উৎসবমুখর হয়ে উঠেছিল মিলনমেলা উপলক্ষ্যে। মেলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুরের সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধান মাঝি সহ ব্লক ও অঞ্চলের নেতৃবৃন্দ। মিলনমেলায় প্রায় তিন কেজি ওজনের রুপোর তরবারি উপহার হিসেবে তুলে দেওয়া হয় কাজল শেখের হাতে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়। এদিন সকালে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বাসাপাড়ায় একটি পদযাত্রা করে শহিদ বেদিতে মাল্যদান করা হয়। তারপর উদ্বোধন হয় মিলনমেলার। আট দিন ধরে এই মেলা চলবে। মেলাতে প্রতিদিনই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা, স্থানীয় শিল্পীদের সংবর্ধনা ইত্যাদি অনুষ্ঠান হবে। সমস্ত সম্প্রদায়ের মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন বলে উদ্যোক্তারা জানান।
প্রসঙ্গত, এর আগেও মিলনমেলায় কাজল শেখের মাথায় রুপোর মুকুট তুলে দেওয়া হয়েছিল উপহার হিসেবে। এবার রুপোর তরবারি পেয়ে কাজল শেখ জানান, এটাকে একটা প্রতীক হিসেবেই গণ্য করব আমি। তাছাড়াও থুপসড়া অঞ্চলের মানুষের থেকে এটা পেয়ে আমি অভিভূত ও গর্বিত। একই সঙ্গে তাঁর সংযোজন, ২০১১ সালে থুপসড়ার মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে, সেই সময়ে তরবারির প্রয়োজন ছিল। তখন বামফ্রন্টের হার্মাদদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। কিন্তু মমতা ব্যানার্জির সরকার আসার পর বাংলায় যে উন্নয়নের জোয়ার এসেছে, তাতে এখন এই ধরনের কিছুর প্রয়োজন আছে বলে মনে করি না। এটা প্রতীক হিসেবে থাকবে।
বলতে গিয়ে তিনি বিরোধীদেরও এক হাত নেন। বীরভূম জেলার ১১টি বিধানসভায় তৃণমূল জিতবে বলে দাবি করে বলেন, ভোটের বাজনা বাজতেই ভোট পাখিরা আসতে শুরু করে দিয়েছে। টাকার বস্তা নিয়ে এসে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবে। আমরা চুপ করে থাকব না। আমরা প্রতিবাদ করব। ২০২৬ সালে বাংলায় আড়াইশোর বেশি আসন পেয়ে তৃণমূল চতুর্থ বারের জন্য ক্ষমতায় বসবে। আর বীরভূম জেলায় ১১ তে ১১টা সিটই পাব। বিরোধীরা চোখে সর্ষেফুল দেখবে বলে দাবি করেন তিনি।